এখনো ৩২০০ শিক্ষার্থী ৬ বই পায়নি
নতুন বছরের প্রথম মাস পেরিয়ে গেছে। তারপরও মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ১৪টি বইয়ের মধ্যে ৬টি বই এখনো এসে পৌঁছায়নি। ফলে এখনো পুরোদমে পাঠদান শুরু করা সম্ভব হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর চিত্র এটি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলায় মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক ৩৬টি বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ৩ হাজার ২০০ জন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে।
খোঁজ নিয়ে জানা যায়, দুপচাঁচিয়া উপজেলায় ষষ্ঠ শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে মূল বইগুলোই শিক্ষার্থীরা এখনো পায়নি। এগুলো হলো চারুপাঠ (বাংলা), ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা।
উপজেলার আলতাফনগর খিহালী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাদিলা মাহজাবিন জানায়, বছরের শুরুতেই তাদের ক্লাস শুরু হয়েছে। তবে সেটের ১৪টি বইয়ের মধ্যে ৬টি এখনো তারা পায়নি। ষষ্ঠ শ্রেণিতে পড়ে এমন আট-নয়জন শিক্ষার্থীর অভিভাবকেরা বলেন, বছরের এক মাস পেরিয়ে গেলেও মূল বইগুলো পায়নি বাচ্চারা। আর বই না পাওয়ায় ওদের পড়ার টেবিলেই বসানো যাচ্ছে না।
আলতাফনগর খিহালী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাফিজ উদ্দিন বলেন, ষষ্ঠ শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে প্রধান ৬টি বই এখনো শিক্ষার্থীদের হাতে দেওয়া সম্ভব হয়নি। ক্লাসে শিক্ষকেরা পুরোনো বছরের বই দিয়ে কোনোমতে পাঠদান করছেন। তাতে ক্লাসের সময়টা শেষ হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা কিছুই শিখছে না।
আছির উদ্দিন চিশতি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, ‘বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ১৪টি বইয়ের মধ্যে ৮টি বই পাওয়া গেছে। মূল বইগুলোরই ঘাটতি রয়ে গেছে। আমরা প্রতিদিনই শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছি। অন্য শ্রেণিগুলোরও দু-একটা বই ঘাটতি রয়েছে।’ তিনি আরও বলেন, ‘গত বছর নবম শ্রেণির বিজ্ঞান ক্লাসের দুটি বইয়ের ঘাটতি ছিল। সারা বছরেও তা মেলাতে পারিনি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, ‘অন্য ক্লাসের দু-একটা বইয়ের ঘাটতি থাকলেও বিভিন্ন বিদ্যালয় থেকে উদ্বৃত্ত বই সংগ্রহ করে ঘাটতি মেটানো হয়েছে। কিন্তু ষষ্ঠ শ্রেণির বই না আসায় বিপাকে পড়েছি। জেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।’
বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলার অন্য সব উপজেলায় বইয়ের চাহিদা পূরণ করা হয়েছে। শুধু দুপচাঁচিয়া উপজেলার ষষ্ঠ শ্রেণির মূল ছয়টি বই দিতে না পারায় সমস্যায় পড়তে হয়েছে। বইয়ের জন্য ঢাকায় এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করা হচ্ছে।