
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সারা দেশে এখনো ৪০ জন নিখোঁজ রয়েছেন। পুলিশের ধারণা, এঁদের অনেকে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েছেন।
গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি এ কথা বলেন। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জঙ্গিবিরোধী অভিযান সম্পর্কে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।
আইজিপি বলেন, র্যাবের তালিকা, পুলিশের বিশেষ শাখার (এসবি) তালিকা ও মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তিদের এই তালিকা করা হয়েছে। তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে সংবাদ সম্মেলনে নিখোঁজ ব্যক্তিদের নাম-ঠিকানা জানানো হয়নি।
জঙ্গিদের ফিরে আসার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, যদি তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে চায়, আমরা তাদের সব ধরনের সহযোগিতা করব। আমাদের বিশ্বাস, সমাজও তাদের বিষয়টি মানবিক দিক দিয়ে সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। ইতিমধ্যে কয়েকজন নিষিদ্ধঘোষিত সংগঠন থেকে পরিবারের কাছে ফিরে এসেছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জে অভিযানে নিহত তিন জঙ্গির পরিচয় তুলে ধরা হয়। আইজিপি বলেন, বারবার আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও জঙ্গিরা তাতে সাড়া না দিয়ে বোমা নিক্ষেপ ও গুলি করে। পরে পুলিশ বাধ্য হয়ে অভিযান চালালে তিন জঙ্গি নিহত হয়। এদের একজন তামিম চৌধুরী (৩০) কানাডার নাগরিক।
জঙ্গি মারজান সম্পর্কে আইজিপি বলেন, গুলশানে হামলার ঘটনায় তামিম চৌধুরীর সঙ্গে বেশ কয়েকজন ছিলেন। তাঁদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের একজন মারজান। মারজান তামিমের অন্যতম সহযোগী ও সেকেন্ড-ইন কমান্ড হিসেবে ছিলেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কল্যাণপুরের জঙ্গি আস্তানার অভিযান সাজানো—বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, এটা দুঃখজনক, অপ্রত্যাশিত। কল্যাণপুরের অভিযান শতভাগ স্বচ্ছতায় হয়েছে। আশপাশে যত লোক ছিল সবাই দেখেছে। তিনি এ ধরনের স্পর্শকাতর বিষয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান।