এখনো অনেকে নিখোঁজ হচ্ছে রাষ্ট্র জড়িত কি না জানি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, দেশের মানবাধিকার পরিস্থিতি অতীতের চেয়ে সন্তোষজনক। মানবাধিকার কমিশন গঠনের পর থেকে র‌্যাবের মধ্যে সহনশীলতা এসেছে। তারা আগের মতো হুটহাট কাজ করে বসে না।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশনের জরিপ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিজানুর রহমান এ কথা বলেন। তিনি এও বলেন, ‘এখনো অনেকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর সঙ্গে রাষ্ট্র জড়িত আছে কি না, জানি না। তবে কমিশনের নিজস্ব জনবল হলে তা তদন্ত করে দেখা হবে।’অনুষ্ঠানে প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, জনগণের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সরকার আন্তরিক। বিনা বিচারে মানুষকে যেন বছরের পর বছরের জেল খাটতে না হয়, সে জন্য ফৌজদারি আইনে সংশোধনী আনা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাসী। এ সরকারের সময়ে বিচারবহির্ভূত হত্যা কমে গেছে। এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সরকার তৎপর। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এ দেশীয় প্রতিনিধি স্টিফান প্রেজনার ও মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক। ‘পারসেপশন অ্যাটিটিউট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং: এ বেস লাইন সার্ভে অন হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ শিরোনামে এই জরিপ প্রতিবেদনটি উপস্থাপন করেন মানবাধিকার বিশেষজ্ঞ গ্রেগ মোরান।প্রতিবেদনে বলা হয়, ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় হেফাজতে নির্যাতন উল্লেখযোগ্যভাবে বাড়েনি। তবে জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশের মতে, ‘ক্রসফায়ার’ গ্রহণযোগ্য নয়। প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, র‌্যাব-পুলিশকে বুঝতে হবে কখন তাকে সর্বশক্তি প্রয়োগ করতে হবে এবং যাদের ধরা হচ্ছে তাদের বিচার পাওয়ার অধিকার আছে। পুলিশ বা র‌্যাবের মধ্যে এ ধরনের বোধ জাগিয়ে তোলার জন্য তাদের প্রশিক্ষণ দিতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়, আইনের অপপ্রয়োগকারী র‌্যাব বা পুলিশ সদস্যদের প্রত্যাহারের জন্য সরকারকে চাপ দিতে হবে। লিমনকে কেন্দ্র করে মানবাধিকার কমিশন এরই মধ্যে এ ধরনের কাজ শুরু করেছে।জরিপ প্রতিবেদন অনুযায়ী, দেশের অর্ধেক মানুষ ‘মানবাধিকার’ শব্দটির সঙ্গে পরিচিত নন। খুবই সামান্য সংখ্যক মানুষ জানে যে মানবাধিকারের বিষয়টি সাংবিধানিকভাবে স্বীকৃত। জরিপে দেখা গেছে, সমাজে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয়ে থাকে নারী। নারীর প্রতি বৈষম্য বেড়েছে। যৌতুকের দাবিতে নারী নির্যাতনের হার সবচেয়ে বেশি। নারীর সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কেও খুব সামান্য সংখ্যক মানুষ জানে। মানবাধিকার কমিশনের হয়ে জরিপটি করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। জরিপ পরিচালনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞ গ্রেগ মোরান, আইনজীবী সারা হোসেন, বিচার বিভাগ বিশেষজ্ঞ মির্জা এম হাসান, পরিসংখ্যান পরামর্শক কাজী সালেহ আহমেদ এবং জরিপ বিশেষজ্ঞ মকবুল ভূঁইয়া।প্রতিবেদনটি তৈরি করতে জাতীয় পর্যায়ের সাতটি বিভাগের ৩৮ জেলার ৫৮ উপজেলার ২২২টি গ্রামে জরিপ চালানো হয়। এ জন্য জরিপকারীরা সমতলের তিন হাজার ৬৩২টি এবং পার্বত্য চট্টগ্রামের ৪৬০টি বাড়ির বাসিন্দাদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।জরিপে অংশগ্রহণকারীদের ২৪ দশমিক ৯ ভাগের মতে, পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে। ছয় ভাগের মতে, পরিস্থিতি আগের মতোই আছে। তবে ৩ দশমিক ৭ ভাগের মতে, পরিস্থিতির অবনতি হয়েছে।