বগুড়া থেকে সাবগ্রামের দূরত্ব মাত্র চার কিলোমিটার। শহরতলির এই গ্রামে বিদ্যুতের গ্রাহকসংখ্যা প্রায় দেড় হাজার। এর বাইরে অর্ধশতাধিক পোলট্রি খামার, পাটকল, হিমাগার, ফিলিং স্টেশনসহ নানা ধরনের শিল্পকারখানায় বিদ্যুৎ-সংযোগ ছিল। ছয় দিন ধরে বিদ্যুৎ নেই এই এলাকায়।
গত শনিবারের ঝড়ে লন্ডভন্ড বিদ্যুতের লাইন। ভেঙে গেছে বিদ্যুতের বহু খুঁটি। অসংখ্য স্থানে তার ছিঁড়ে গেছে। খুঁটিসহ ট্রান্সমিটার ভেঙে পড়েছে। ভেঙে গেছে অসংখ্য বৈদ্যুতিক মিটার। রাতে বিদ্যুৎহীন গোটা এলাকায় ঘুটঘুটে অন্ধকার।
বিদ্যুৎ না থাকায় খামারে অসংখ্য মুরগি মারা যাচ্ছে। হ্যাচারিতে বাচ্চা উৎপাদন বন্ধ রয়েছে। কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ। জেনারেটর চালিয়ে আলুর পচন ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে হিমাগার মালিকদের। ছয় দিন ধরে বিদ্যুতের এই দুর্ভোগ শুধু সাবগ্রামে নয়, এই দুর্ভোগ বিরাজ করছে আরও হাজার খানেক গ্রামে। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে আরও সপ্তাহ খানেক অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণী দুটি সংস্থা বগুড়া পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতি।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝড়ের পর ছয় দিন পেরিয়ে গেলেও এই দুটি সংস্থার পাঁচ লাখ গ্রাহকের অর্ধেক এখনো অন্ধকারে রয়েছে। শনিবারের ঝড়ে লাইন লন্ডভন্ড হওয়ায় জেলার প্রায় দুই হাজার গ্রাম বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) দেওয়ান আবু জাফর মো. শামসুদ্দিন বলেন, ঝড়ের পরপরই তিন লাখ গ্রাহককে অন্ধকার থেকে মুক্ত করতে পল্লী বিদ্যুতের এক হাজার এবং ২৬ জন ঠিকাদারের আরও ৪০০ থেকে ৫০০ কর্মী লাইন মেরামতের কাজ করছেন। এসব কর্মীর তদারকি করছেন বগুড়া ছাড়াও পল্লী বিদ্যুতায়ন বোর্ড, রংপুর ও রাজশাহী থেকে আসা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। জিএম দাবি করেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১১টি উপকেন্দ্রসহ অর্ধেক গ্রাহককে অন্ধকার থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে।
বগুড়া পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী হযরত আলী বলেন, ঝড়ের পরপরই ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই উল্লেখযোগ্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। সব এলাকায় বিদ্যুৎ পৌঁছাতে আরও তিন-চার দিন সময় লাগবে। তিনি দাবি করেন, ঝড়ে পিবিবির উপকেন্দ্রসহ সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ছয় কোটি টাকা।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের কার্যালয় সূত্র জানায়, শনিবারের ঝড়ে সমিতির ১১টি উপকেন্দ্র এবং ৬ হাজার ৩০০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন লন্ডভন্ড হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ চার কোটি টাকা ছাড়িয়ে গেছে। সমিতির ৩ লাখ ৫ হাজার ৪৩২ গ্রাহকের বিদ্যুৎ-সংযোগ লন্ডভন্ড হয়ে গেছে। বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ১ হাজার ৮০০ স্থানে তার ছিঁড়ে গেছে। ৪৫৯টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। উপড়ে ও হেলে পড়েছে আরও ৪০০ খুঁটি। পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে ১৭০টি। মিটার ভেঙেছে ৩ হাজার ৪৩২টি। ৪৫২টি ক্রস আর্ম (খুঁটির ওপর তার পারাপারের একধরনের হাতল) ভেঙে গেছে।
বগুড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ঝড়ে শহরের পুরান বগুড়া এলাকায় পিডিবির একটি উপকেন্দ্রসহ ১০০ কিলোমিটার সঞ্চালন লাইন লন্ডভন্ড হয়েছে। উপকেন্দ্রের ক্ষতি কোটি টাকার ওপরে। সঞ্চালন লাইনের ক্ষতি আরও প্রায় পাঁচ কোটি টাকা। তাদের ২৮৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙেছে এবং ৪৩৮টি উপড়ে ও হেলে পড়েছে। ১৫টি ট্রান্সমিটার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ কিলোমিটার তার ছিঁড়ে গেছে। এতে দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়ে যায়।
সাবগ্রামের গৃহবধূ ফুলমালা বেগম বলেন, ‘তুফানে পাঁচ দিন থ্যাকে কারিন্ট নাই। গরমে তিষ্টা যাচ্চে না। জীবন বার হয়্যা যাচ্চে। শহরত থ্যাকে এটিকুনা দূরের গেরাম। কারিন্টের লোকজন হামাকেরে কষ্ট দেকা পারিচ্চে না। তারা লাকত ত্যাল দিয়া ঘুমাচ্চে।’
বগুড়া পোলট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, পাঁচ দিন ধরে বিদ্যুৎ না থাকায় জেলাজুড়ে প্রায় ছয় হাজার পোলট্রি খামারি চরম বিপাকে পড়েছেন। বিদ্যুতের অভাবে অনেক খামারে মুরগি মরে যাচ্ছে। হ্যাচারিতে বাচ্চা ফোটানো যাচ্ছে না। ডিম নষ্ট হচ্ছে।