
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার শর্ত জুড়ে আলোচনার পথ রুদ্ধ করলেও বিএনপি তা করেনি। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনা শুরুর জন্য এখনো অপেক্ষায় আছি। আশা করব, সরকার সংলাপের পথে ফিরে আসবে।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির এক সমাবেশে ধারণা করা ভিডিও ভাষণে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি সমাবেশে উপস্থিত ছিলেন না।
বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। এ উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি ওই সমাবেশের আয়োজন করে। এর আগে সকালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির জ্যেষ্ঠ নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল, জ্বালাও-পোড়াও করেছিল। তখন বিএনপির আহ্বানে তারা সাড়া দেয়নি। কিন্তু এখন বিএনপি তেমনটা চায় না। এ জন্যই বিরোধী দলে থেকেও দেশের স্বার্থে বিএনপি বারবার আলোচনার আহ্বান জানাচ্ছে। রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার উদ্যোগ গ্রহণকারীদের ধন্যবাদ জানান তিনি।
নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে বিএনপির প্রতিনিধি দেওয়ার সরকারি প্রস্তাবের জবাবে খালেদা জিয়া বলেন, এ প্রস্তাব জনগণ গ্রহণ করেনি। তাই তিনি নির্দলীয় সরকারের একটি প্রস্তাব তুলে ধরেন। সংসদেও তা তোলা হয়। কিন্তু সরকারি দল তা নাকচ করে দেয়। এরপর বাধ্য হয়ে বিএনপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।
দুই নেত্রীর ফোনালাপ প্রকাশের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘আমার সঙ্গে টেলিফোনে করা আলোচনা গোপনে রেকর্ড করে ইতিমধ্যে সরকারিভাবে প্রচারও করা হয়েছে। এই রেকর্ডিংয়ের কথা আমাকে আগে জানানো হয়নি। এমনকি সেটি প্রচারের ব্যাপারে আমার কোনো সম্মতিও নেওয়া হয়নি। এটি অনৈতিক ও বেআইনি।’
পুলিশ, র্যাব ও বিজিবিকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, তারা নির্বাচন কমিশনকে নিজেদের আজ্ঞাবহ হিসেবে গড়ে তুলেছে। তাই এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীর ব্যাপারে দেশবাসীর নানা প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সরকারের বিরুদ্ধে ঢাকাবাসীকে ‘জেগে ওঠার আকুল আবেদন’ জানান।
সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ প্রমুখ।