এখনো আঁতকে ওঠেন তাঁরা
বরিশাল সদর উপজেলার কালিখোলা গ্রামের হিন্দু পরিবারের সদস্যরা এখনো আঁতকে ওঠেন। এক বছর আগে বাড়িঘরে দেওয়া আগুনের ঘটনা ভুলতে পারছেন না তাঁরা।
গত বছরের ১৪ নভেম্বর সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কালিখোলা গ্রামে খেলা নিয়ে দুই পাড়ার কিশোরদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেখানে পাভেল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ১৫ নভেম্বর সংঘর্ষে আহত তিনজনের একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন—এলাকায় এমন গুজব ছড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে কয়েক শ মানুষ আক্রমণ চালায় কালিখোলা গ্রামের হিন্দুপাড়ায়। লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয় বাড়িগুলোতে। কীর্তনখোলা নদীর পূর্ব পারে কালিখোলা গ্রাম।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্যামল চন্দ্র হালদার বলেন, ‘সেদিনের ঘটনা আজও ভুলতে পারি নাই। আগুনে মুহূর্তেই সব পুড়ে গেছে। পরে আগুনে পোড়া ভিটায় বসতঘর তুলেছি। কিন্তু এখনো স্বাভাবিক হতে পারিনি।’
কালিখোলা গ্রামের আরতি রানী বলেন, ‘সিডরে বাড়িঘর ভাঙলেও আবার তুলেছি। ভুলেও গেছি সিডরের কথা। কিন্তু চোখের সামনে বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ভুলি ক্যামনে। অ্যাহনো ঘুমের মধ্যে হেই দিনের ঘটনা দেহি। অ্যাহনো দেহি ঘরের লগে জ্যান্ত গরু দুইডা পুইড়্যা মরছে।’