এখনো আছেন ফুলকেশররা

এখন অধিকাংশ শহর-বন্দর ও গ্রামের হাটবাজারে রয়েছে সেলুন। আছে পুরুষদের জন্য পারলারও। তবে একটা সময় পুরুষের খেউরির কাজটা করতেন ভ্রাম্যমাণ নরসুন্দরেরাই। সময়ের সঙ্গে সঙ্গে অন্য অনেক পেশার মতো নরসুন্দরের এই পেশাও বিলুপ্ত হয়েছে। তারপরও কখনো কখনো পথে চোখে পড়ে দু-একজন ভ্রাম্যমাণ নরসুন্দরের। ভ্রাম্যমাণ এসব নরসুন্দর চুল কাটার বা ছাঁটার যন্ত্রপাতি নিয়ে প্রতিদিন বেরিয়ে পড়েন খদ্দের বা কাস্টমারের উদ্দেশে।
গ্রামগঞ্জে ভ্রাম্যমাণ নরসুন্দরদের ডাক পড়ে মূলত হিন্দু সম্প্রদায়ের কোনো শ্রাদ্ধ বা বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে, মেলা ও পূজা-পার্বণে। এ ছাড়া অন্য সম্প্রদায়ের যাঁরা সেলুনে যান না বা যেতে চান না, তাঁরাও ভ্রাম্যমাণ নরসুন্দরদের কাছে ধরনা দেন। সদ্য জন্ম নেওয়া শিশুদের চুল কাটার জন্যও ডাক পড়ে তাঁদের। বাঙালি সংস্কৃতি ও ঐতিহে৵র সঙ্গে মিশে আছেন এসব ভ্রাম্যমাণ নরসুন্দর।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া বাজার ব্রিজের পাকা সড়কের এক পাশে খোলা আকাশের নিচে গত রোববার দুপুরে পাওয়া গেল ফুলকেশর (৫৮) নামের এক ভ্রাম্যমাণ নরসুন্দরকে। এ সময় তিনি রাস্তার ধারেই বসে স্থানীয় বান্দের কুড়া গ্রামের নাজিম উদ্দিন (৩২) নামের এক দিনমজুরের চুল কাটছিলেন। ফুলকেশরের দুই ছেলে স্থানীয় চাপারহাট বাজারে সেলুনের দোকান দিয়েছেন। ছেলেরা তাঁকেও ওই দোকানে কাজ করতে বলেছিলেন। কিন্তু ফুলকেশর এতে রাজি হননি।
ফুলকেশর বলেন, ‘বাপ-দাদার হাত ধরে সেই যুবক বয়স থেকেই গ্রামে-গঞ্জে, হাটে-মাঠে ঘুরে ঘুরে মানুষের সেবা করে আসছি। কত মানুষের সঙ্গে চেনা-জানা। বাড়িতে গিয়ে কাজ করলে তাঁরা চুল কাটার টাকা ছাড়াও চা-নাশতা খেতে দেন। তা ছাড়া দোকানে কাজ করলে ভাড়া দিতে হবে। বাড়তি খরচও আছে।’ তিনি আরও বলেন, প্রতিদিন তিনি দেড় শ থেকে দুই শ টাকা আয় করেন।
দিনমজুর নাজিম উদ্দিন বলেন, ‘আমরা গরিব মানুষ। সেলুনে চুল-দাড়ি ছাঁটলে ৫০ টাকা দিতে হয়। ফুলকেশরের কাছে এ কাজে আমার ব্যয় মাত্র ৩০ টাকা।’ তিনি আরও বলেন, ‘আমার মতো অনেক দিনমজুর ফুলকেশরের কাছেই চুল-দাড়ি ছাঁটেন।’
ভ্রাম্যমাণ নরসুন্দরদের কাছে কাজ করিয়ে নিয়ে টাকা না থাকলে ধান, চাল, গম, ভুট্টা প্রভৃতি খাদ্যশস্য দিয়েও মজুরি পরিশোধ করা যায়। নরসুন্দর ফুলকেশরও এ কথা সত্য বলে জানিয়েছেন।