এখনো আতঙ্ক, বাড়িছাড়া অনেকে
সাতক্ষীরা শহর থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার গাজীরহাট। অথচ সেখানে যাওয়ার জন্য ১২ দিন অপেক্ষা করতে হয়েছে। অবরোধ-হরতালে সেখানে যাওয়ার পথ ছিল অবরুদ্ধ। ১৬ ও ২৫ ডিসেম্বর যাওয়ার উদ্যোগ নিয়েও ফিরতে হয়েছে।
মাঝে ১৯ ডিসেম্বর সকালে শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বাঁকাল চেকপোস্টের কাছে গিয়ে ফিরতে হয়েছে। তখন এক শুভ্যানুধায়ী মুঠোফোনে জানান, আগের রাতেও দেবহাটার ঈদগা বাজারে তিনটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পথে পথে চলছে চোরাগোপ্তা হামলা। ফলে আর এগোনো যায়নি।
গতকাল বৃহস্পতিবার সকালে দেবহাটার উদ্দেশে রওনা দেওয়ার আগে শহরে কথা হয় ওই উপজেলার কয়েকজনের সঙ্গে। যাঁরা আতঙ্কে গ্রামছাড়া। তাঁরা বললেন, তাঁদের মতো আরও অনেকে গ্রামছাড়া। ওই আতঙ্ক এখনো কাটেনি। অবরোধ-হরতালের সময়ের মতো গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা এখনো থামেনি। গত বুধবার রাতেও পথের কোথাও কোথাও গাছ কাটা হয়েছে। ভোরবেলায় যৌথ বাহিনী গাছগুলো সরিয়ে নিয়েছে।
সহিংসতা প্রতিরোধে ১৫ ডিসেম্বর রাত থেকে গাজীরহাট এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে। জেলা জামায়াতে ইসলামী বিবৃতিতে বলেছে, অভিযানে গ্রেপ্তার আতঙ্কে তাদের নেতা-কর্মী-সমর্থকেরা নিজেদের বাড়িতে থাকতে পারছেন না। অভিযানের ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগের লোকজন তাঁদের বাড়িঘরে ভাঙচুর চালাচ্ছে।
অন্যদিকে হামলা-সহিংসতা আতঙ্কে দেবহাটা ছেড়ে সাতক্ষীরা শহরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মী ও হিন্দুসম্প্রদায়ের লোকজন বলছেন, দেবহাটায় নিজেদের বাড়িতে ফেরার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি।
দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা বুধবার শহরে আলাপকালে জানান, এখনো শতাধিক পরিবার বাড়িছাড়া। তিনিও বাড়ি ফিরতে পারছেন না। ১৩ ডিসেম্বরের পর একবার গ্রামে গিয়েছিলেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আতঙ্কিত বৃদ্ধা মা একরকম জোর করে তাঁকে শহরে পাঠিয়েছেন।
বাড়ি যেতে পারছেন না দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানও। শহরে আলাপকালে তিনি বলেন, উপজেলার সাংবেড়িয়া এলাকার পাশেই রয়েছে তথাকথিত পাকিস্তানপাড়া। গড়ানবেড়িয়া, নাংলা ও বেজোড়হাটি—এ তিন গ্রামের মানুষ নিজেদের পাকিস্তানপাড়ার বাসিন্দা বলে পরিচয় দিতে ভালোবাসেন। এ তিন গ্রাম কেন্দ্র করে উপজেলায় নাশকতা হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে ওই গ্রামগুলোতে যাওয়া হয়নি।
সকালে দেবহাটায় রওনা দেওয়ার সময় গাজীরহাটের দেবীশহর গ্রামের বাসিন্দা সুভাষ ঘোষ মুঠোফোনে জানান, কয়েক দিন ধরে তিনি গ্রামের বাড়ি দেবীশহরে যাচ্ছেন না। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি। একসময় আওয়ামী লীগ করতেন। পরে শহরের একটি আবাসিক হোটেলে আলাপকালে তিনি বলেন, যুদ্ধের সময় মরে গেলে এতোকাল পর এমন অপমান সহ্য করতে হতো না।
অবস্থাপন্ন পরিবারের সন্তান সুভাষের মাছের ঘের ও গাজীরহাটে মাছের আড়ত আছে। এখন আড়ত বন্ধ। ঘেরে মাছ আছে কিন্তু ধরতে পারছেন না। বললেন, ১৯৯১ সালে পুরোনো বাড়ি ভেঙে দোতলা বাড়ি তৈরি করেন। সেখানে তাঁরা পাঁচ ভাই পরিবারের ২১ জন সদস্যকে নিয়ে বাস করতেন। কিন্তু জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর দিন ১৩ ডিসেম্বর সকালে হামলাকারীরা গান পাউডার ছড়িয়ে আগুন দিয়ে বাড়িটি পুড়িয়ে দেয়। চোখের সামনে বাড়িটি পুড়ে গেল। বাড়ি ছেড়ে আসার সময় পরিধানের বস্ত্র ছাড়া তাঁদের আর কিছু অবশিষ্ট ছিল না।
সুভাষ ঘোষ বলেন, ‘কবে যে গ্রামে যেতে পারব তার নিশ্চয়তা নেই।’ তাঁদের গ্রামের তিনটি পরিবার এরই মধ্যে ভারতে চলে গেছে জানিয়ে তিনি বলেন, ‘জানি না, আমার নিয়তি কী হবে? যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম, সেই দেশ ছেড়ে পালাতে হবে?’
সুভাষের সঙ্গে কথা বলে বেলা ১১টার দিকে দেবীশহর গ্রামে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক থেকে কয়েক শ গজ দূরে সুভাষদের বাড়িতে গেলে ফটক খুলে দেন তাঁর ছোট ভাই যোগেশ ঘোষ। ১৩ ডিসেম্বর সকালের পর গতকালই প্রথম বাড়িতে এসেছেন। পুড়ে যাওয়া বাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার চেষ্টার পরও সর্বত্র ধ্বংস চিহ্ন। উঠানে পড়ে আছে পুড়ে যাওয়া তিনটি মোটরসাইকেলের অংশবিশেষ। যোগেশ জানান, সেদিন বাড়িতে থাকা চারটি টেলিভিশন, ছয়টি ফ্রিজ, তিনটি ল্যাপটপ, খাট-পালঙ্ক, ৬০ ভরি স্বর্ণালঙ্কার, দুই মন কাসার থালাবাটি, নগদ ১০ লাখ টাকার কিছুই রক্ষা পায়নি। সিলিং ফ্যানগুলোর কয়েকটি খুলে নেওয়া হয়েছে, বাকিগুলো দুমড়ে-মুচড়ে ভেঙে দিয়েছে। ওই সময় তিনি গোসল করতে বেরিয়েছিলেন। পুকুরঘাট থেকে দেখেন বাড়িতে আগুন দিয়েছে। গামছা কাঁধে খালি গায়েই তিনি পালান। পরিবারের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছে। পরিস্থিতি শান্ত হলে, ঘরবাড়ি বসবাসের যোগ্য করে আবার ফেরার চেষ্টা করবেন।
দেবীশহর গ্রামেরই মনোরঞ্জন মুখার্জি ১৩ ডিসেম্বর থেকে গ্রামছাড়া। তাঁর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া গেল না। পরে শহরে ফিরে খোঁজ নিয়ে জানা গেল, মনোরঞ্জন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি। তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায়ের পর থেকে দেবহাটায় হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত দেবহাটায় আওয়ামী লীগের তিনজন নেতা-কর্মী খুন হয়েছেন।