রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের মেয়াদ শেষ হয়েছে ১৯ মার্চ। এরপর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও গতকাল বুধবার পর্যন্ত নতুন কোনো উপাচার্য, সহ-উপাচার্য নিয়োগ দেয়নি সরকার। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজে একধরনের স্থবিরতা নেমে এসেছে।
২০১৩ সালের ২০ মার্চ চার বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মুহম্মদ মিজানউদ্দিন ও সহ-উপাচার্য হিসেবে অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ১৯ মার্চ এই দুজন তাঁদের শেষ কর্মদিবস অতিবাহিত করেন। এরপর তাঁরা নিজ নিজ বিভাগের অধ্যাপক পদে ফিরে গেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, ১৯ মার্চ মেয়াদ শেষ হওয়ার পর ২০ মার্চ রেজিস্ট্রারের দপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পদ শূন্য হওয়ার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিকনির্দেশনা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার কোনো উত্তর আসেনি। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারের আওতার মধ্যে যেসব প্রশাসনিক কাজ আছে, তাঁরা সেগুলো করছেন। যেসব কাজের জন্য উপাচার্য, সহ-উপাচার্যের অনুমোদনের প্রয়োজন হয়, সেগুলো তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে পাঠাচ্ছেন। সেখানে ফাইল পড়ে থাকছে। বিভিন্ন কাজের জন্য আর্থিক অনুমোদন, সিন্ডিকেট সভা, শিক্ষকদের বিদেশ গমন, শিক্ষা ছুটি অনুমোদন, পদোন্নতির আবেদনপত্র, শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও সনদে স্বাক্ষরের মতো কাজগুলো আটকে আছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন উপাচার্য আবদুস সোবহানের মেয়াদ শেষ হলেও তার প্রায় এক মাস পর নতুন উপাচার্য, সহ-উপাচার্য নিয়োগ দিয়েছিল সরকার।
১৯৭৩ সালে প্রণীত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের ১১ (১) ধারা অনুযায়ী, উপাচার্য নিয়োগের জন্য বিদায়ী উপাচার্যের সভাপতিত্বে সিনেট অধিবেশনে তিন সদস্যের প্যানেল নির্বাচন করবেন সিনেট সদস্যরা। প্যানেল থেকে একজনকে উপাচার্য নিয়োগ দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। তবে ১৬ বছর ধরে এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়টিতে কোনো উপাচার্য নিয়োগ হয়নি। অধ্যাদেশের ১১ (২) ধারা অনুযায়ী, অসুস্থতা, পদত্যাগ বা অন্য কোনো কারণে উপাচার্য পদ খালি থাকলে, তা পূরণে রাষ্ট্রপতি ব্যবস্থা গ্রহণ করবেন। অধ্যাদেশের এই ধারাটি অনুসরণ করে উপাচার্য ও সহ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়ে থাকে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, প্রচলিত নিয়মে উপাচার্য নিয়োগ দেওয়ার এখতিয়ার আচার্য তথা রাষ্ট্রপতির।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক বলেন, ‘উপাচার্য, সহ-উপাচার্য পদে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকলে কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু পদ দুটি শূন্য হলে কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করতে পারেন না। বিষয়টি এখন সরকারের ওপর নির্ভর করছে। আমাদের আওতার মধ্যে যতটুকু কাজ, সেটুকু আমরা করছি। বাকিগুলো আটকে থাকছে।’ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো চিঠির কোনো জবাব পাননি উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করছি দ্রুতই সরকার এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।’