মেরাজুল ইসলামের ডান হাতটা শরীরের সঙ্গে ঝুলে রয়েছে শুধু। আগুন থেকে বাঁচতে তাজরীন ফ্যাশনসের পাঁচতলা থেকে লাফ দিয়ে হাত-পা, কোমর আর মেরুদণ্ডে আঘাত পেয়েছিলেন মেরাজুল। দীর্ঘদিন হাসপাতালে থেকেও এখনো কর্মক্ষম হয়ে উঠতে পারেননি এই শ্রমিক। ক্ষতিপূরণের এক লাখ টাকা পেয়েছিলেন। এখন তিন বছরের ছেলেকে নিয়ে পুরোপুরি নির্ভর স্ত্রীর আয়ের ওপর।
তাজরীনের ভয়াবহ অগ্নিকাণ্ডের দুই বছর পার হচ্ছে। তবে মেরাজুলদের মতো অনেক শ্রমিকের কাছেই একেকটা দিন একেকটা বছরের মতো। শারীরিক আঘাত সেরে না ওঠায় এখনো অনেক শ্রমিক বেকার হয়ে বসে রয়েছেন। আর কেউ কখনো পোশাক কারখানার কাজে ফিরতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে আগুনে পুড়ে সরকারি হিসাবে ১১১ জন নিহত হন। আহত হন অন্তত আরও ৩০০ জন। এসব আহত শ্রমিকের মধ্যে অনেকের শরীরের বিভিন্ন অংশে হাড় ভেঙেছে বা স্থানচ্যুত হয়েছে। বিষাক্ত গরম ধোঁয়া শ্বাসনালিতে ঢুকে কারও শ্বাসনালি পুড়ে গেছে, কেউ শ্বাসজনিত সমস্যায় আক্রান্ত। ওপর থেকে পড়ে মাথা এবং ঘাড়ে আঘাত নিয়ে এখনো যন্ত্রণায় ভুগছেন কেউ কেউ।
তাজরীনের আহত শ্রমিকদের নিয়ে কাজ করছে বেসরকারি সংস্থা কারিতাস। কারিতাসের স্বাস্থ্যসেবা প্রকল্পের পরিচালক চিকিৎসক এডওয়ার্ড পল্লব রোজারিও প্রথম আলোকে বলেন, অনেকেই লাফিয়ে নিচে পড়েছিলেন। তাঁদের প্রায় সবারই কোমরে আঘাত রয়েছে। হাত-পা ভেঙেছে অনেকের। হাঁটু ও কোমরের আঘাতের কারণে এখনো অনেকে ঠিকমতো বসতে পারেন না। বুকের পাঁজর ভেঙে গিয়েছিল কয়েকজনের। অনেকেই আছেন আঘাতের কারণে কানে কম শুনছেন। এঁদের কয়েকজন এখন কানে শুনতে যন্ত্র ব্যবহার করছেন। কয়েকজনের মাথায় আঘাত ছিল। তাঁদের সিটি স্ক্যান করে দেখা গেছে মাথায় দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। এসব রোগী এখনো তীব্র মাথাব্যথায় ভোগেন। কয়েকজনের দাঁতও ভেঙে গিয়েছিল ওপর থেকে পড়ে।
চিকিৎসক পল্লব রোজারিও আরও বলেন, তিনি প্রচুর আহত শ্রমিক পেয়েছেন, যাঁরা বিষাক্ত, গরম-কালো ধোঁয়ায় নিঃশ্বাস নিয়ে এখন নানা ধরনের জটিলতায় ভুগছেন। গরম ধোঁয়ায় অনেক শ্রমিকের শ্বাসনালি পুড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ রকম কয়েকজনের গলার স্বর ভেঙে গেছে, গলা দিয়ে খস খস আওয়াজ বের হয়। তাঁদের মহাখালী নাক-কান-গলার হাসপাতালে পাঠানো হয়। এদের অনেকে এখনো শ্বাসজনিত নানা ধরনের সমস্যায় ভুগছেন। আর কিছু শ্রমিক আছেন, যাঁরা মানসিকভাবে খুব বেশি রকমের বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ রকম ৪০-এর বেশি শ্রমিককে এখনো নিয়মিত কাউন্সেলিং সেবা দেওয়া হচ্ছে।
অক্ষম জীবনে শ্রমিকেরা: মুখমণ্ডলজুড়ে লম্বা কাটা দাগ ২১ বছরের রূপালী বেগমের। দুই বছর ধরে বাবা-মায়ের সংসারে আছেন বোঝা হয়ে। অগ্নিকাণ্ডের সময় চারতলায় কাজ করছিলেন রূপালী। প্রাণ বাঁচাতে চারতলা থেকে লাফিয়ে পড়েই অজ্ঞান হয়ে যান। ঘটনাস্থলেই তাঁর মুখমণ্ডল থুতনি থেকে কেটে যায়, কয়েকটি দাঁত পড়ে যায়। হাতে-পায়ে, পাঁজরেও আঘাত পেয়েছিলেন। দুই বছর পর এখনো বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকতে পারেন না। মাঝে মাঝেই ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয়। কথা বলতে গেলে রূপালী বলেন, ‘আপনাদের মতো কত লোক আসল। কত কিছু বলে গেল। কিন্তু আমার তো দিন যায় না ভাই।’
আগুন থেকে বাঁচতে স্ত্রী রেশমা আক্তারকে কোলে নিয়ে তিনতলা থেকে লাফিয়ে পড়েছিলেন শ্রমিক হারুন অর রশীদ। এরপর তাঁর মাথায় ১৭টি, বুকে পাঁচটি সেলাই দিতে হয়েছিল। গলার হাড় ও ডান হাতের আঙুল ভেঙেছিল। ওপর থেকে বাঁ পাশে পড়ে বাঁ হাত, বাঁ পা আর কোমরেও আঘাত পেয়েছিলেন। আর রেশমার ডান পা ভেঙেছিল, বুকে-পেটেও আঘাত পেয়েছিলেন রেশমা। এখনো ঠিকমতো হাঁটতে পারেন না।
নীলফামারাতি অবস্থানরত হারুন মুঠোফোনে প্রথম আলোকে জানান, আহত হওয়ার পরে এই দম্পতি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ থেকে এক লাখ করে টাকা পেয়েছিলেন। এখন কারিতাস থেকে চিকিৎসার জন্য মাসে চার হাজার করে টাকা পাচ্ছেন।
এখনো নিখোঁজ: অগ্নিকাণ্ডের পরে শনাক্ত না হওয়া ৫৯টি লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। দুই দফা মেলানোর পরেও জুরাইন কবরস্থানে এখনো ১১ শ্রমিকের কবর পরিচয়হীন অবস্থায় রয়েছে। তাজরীনে আগুনের পর ওই এলাকায় অনুসন্ধান চালানো একদল ‘অ্যাকটিভিস্ট নৃবিজ্ঞানী’ বলছেন, তাঁরা এখন পর্যন্ত ২৬ জন নিখোঁজ শ্রমিকের স্বজনদের খুঁজে পেয়েছেন। অ্যাকটিভিস্ট নৃবিজ্ঞানীদের অন্যতম সমন্বয়ক সাইদিয়া গুলরুখ প্রথম আলোকে বলেন, ‘আমরা বলেছি, ১২৫ জন ওই আগুনে নিহত হয়েছেন। আমরা হাইকোর্টে ১২৫ জনের পূর্ণাঙ্গ তালিকা দিয়েছি।’
নৃবিজ্ঞানীদের তালিকা ধরে কয়েকজনকে ফোন করে জানা যায়, তাঁরা স্বজনের লাশ না পেলেও চলতি মাসে ক্ষতিপূরণ হিসেবে সাত লাখ করে টাকা পেয়েছেন। নিখোঁজ শ্রমিক লাভলী বেগমের স্বামী জাহিদুল ইসলাম বলেন, তাঁর স্ত্রী লাভলী এবং তাঁর (লাভলীর) দুই বোন লাইলি ও পপি অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ। তিনজনের বাবা বাবুল মিঞা লাশ শনাক্তের জন্য ডিএনএ নমুনা দিলে একটি লাশের সঙ্গে ডিএনএ নমুনা মেলে। তবে সেই লাশটি লাইলির, লাভলীর না পপির, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জাহিদুল গত ২ নভেম্বর সাত লাখ টাকার চেক পেয়েছেন। একই সঙ্গে দুই মেয়ের জন্য বাবুল মিঞা ১৪ লাখ টাকা পেয়েছেন বলে জানান জাহিদুল। এর মধ্যেই জাহিদুল আরেকটি বিয়ে করেছেন। তাঁর ও লাভলীর ছেলে এখন প্রথম শ্রেণিতে পড়ে।
নিখোঁজ শ্রমিক আহেনুর বেগমের স্বামী রুহুল হান্নান বলেন, স্ত্রীর লাশ না পেলেও গত ২৯ অক্টোবর তিনি সাত লাখ টাকা পেয়েছেন।