এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক নুরুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তারা হত্যাকাণ্ডের সম্ভাব্য কিছু কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে।গত সোমবার রাতে হত্যাকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানায় একটি মামলা হয়েছে। নিহত নুরুল আলমের বড় ছেলের ভায়রা ভাই মোহাম্মদ মোস্তফা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নির্দিষ্ট করে কাউকে আসামি করা হয়নি।গত সোমবার রাতে শহরতলির অক্সিজেন এলাকায় নিজ বাড়িতে খুন হন নুরুল আলম। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সময় তাঁর স্ত্রী ও বাড়ির তত্ত্বাবধায়ক বাইরে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি আবার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি নিউইয়র্ক আওয়ামী লীগের সদস্য ছিলেন।পুলিশ সূত্র জানায়, নুরুল আলমের পরিচিত কেউ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে সন্দেহ জোরদার হচ্ছে। হত্যাকাণ্ডের সময় বাড়ির কোনো মালামাল খোয়া যায়নি। ডাকাতেরা এই হত্যাকাণ্ড ঘটায়নি।জানা গেছে, কিছুদিন আগে নুরুল আলমের বাড়ি থেকে একটি বিউটি পারলার উচ্ছেদ করা হয়। ওই পারলারে অসামাজিক কাজ হতো বলে অভিযোগ আছে। এ জন্য নুরুল আলম আইনের আশ্রয় নিয়েছিলেন। এতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ আমরা খতিয়ে দেখছি। আশা করছি, শিগগিরই হত্যাকারীদের ধরতে পারব।’গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নুরুল আলমের লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। তাঁর চার ছেলের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্র থেকে আজ বুধবার সকালে দেশে এসে পৌঁছাতে পারেন। আজ বিকেল বা সন্ধ্যায় তাঁর লাশ সন্দ্বীপের গ্রামের বাড়িতে দাফন করা হবে।