এখনো কাউকে দৌড়াতে দেখলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময়ের দ্রুততম মানবী ফিরোজা খাতুন। ছবি: জগলুল পাশা
একসময়ের দ্রুততম মানবী ফিরোজা খাতুন। ছবি: জগলুল পাশা

এখন কাউকে কোনো প্রতিযোগিতায় সবেগে দৌড়াতে দেখলে অবাক হয়ে তিনি ভাবেন, একসময় এ কাজ তিনি কীভাবে করেছেন! আবার গিয়ে ট্র্যাকে নামার দুরন্ত ইচ্ছাটাও মাথাচাড়া দিয়ে ওঠে। কিন্তু সেই সোনালি দিনে ফিরে যাওয়া কি সম্ভব?
এমন অনুভূতি খেলা করে ফিরোজা খাতুনের মনে। জাতীয় পর্যায়ে ১০ বার ‘দ্রুততম মানবী’ হয়েছেন তিনি। ফিরোজা বলেন, ‘আমি ভেবেই পাই না, এক সময় কীভাবে দৌড়াতাম! এখনো চোখের সামনে কাউকে দৌড়াতে দেখলে উসখুস শুরু হয়।’
১ আগস্ট ময়মনসিংহ শহরে বাসায় বসে ফিরোজা খাতুনের সঙ্গে কথা হয়। সেই ১৯৯৬ সালে সর্বশেষ ‘দ্রুততম মানবী’র পদক জয় করেন। ২০১৩ সালে জাতীয় জুনিয়র মিটে ময়মনসিংহের ব্যবস্থাপক হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করে ছিলেন। সেও তো অনেক দিন হয়ে গেল। বর্তমানে তিনি পাঁচ বছর বয়সী মেয়ে আফনান রোজানাকে নিয়েই ব্যস্ত। মেয়ের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঘরের ভেতর দেওয়া একটি ছোট দোকানও পরিচালনা করছেন। এবার তিনি খেলাধুলায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। চলতি মাসেই এ পুরস্কার হাতে পাওয়ার কথা। এর আগে ১৯৯২ সালে জাতীয় ক্রীড়া পরিষদের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে বিভিন্ন জটিলতায় সেই পুরস্কার আর পাওয়া হয়নি। 

১৯৮৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পাওয়া স্বর্ণের পদকগুলো সেভাবে গুছিয়ে রাখেননি ফিরোজা খাতুন। তবে পত্রপত্রিকায় তাঁকে নিয়ে লেখা খবর বা প্রতিবেদন ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে সাজিয়ে রেখেছেন। ঘরের এক পাশে মা ও মেয়ের থাকার ব্যবস্থা। অন্য পাশে বড় আয়না দিয়ে দেয়াল তৈরি করা হয়েছে। সেখানে তিনি নারীদের ব্যায়াম (অ্যারোবিকস) করান।
ফিরোজা খাতুন বারবার বলছিলেন অ্যাথলেটিকস খুব কষ্টের। এখানে জয়-পরাজয় পুরোপুরি নিজের ওপর। ফুটবল বা অন্য খেলায় দলগতভাবে হারজিত থাকে, কিন্তু এখানে হারলে বা জিতলে সবাই আঙুল তোলে একজনের দিকে।
ফিরোজা খাতুন জানান, খেলোয়াড় হবেন, সে ইচ্ছা নিয়ে ক্রীড়াজগতে আসেননি। ছোটবেলায় বাবা আমির উল হক দড়ি ধরে লাফ দিতে বলতেন। পার হতে পারলেই পুরস্কার জুটে যেত আইসক্রিম। আইসক্রিমের লোভে লাফ দিতে দিতেই উচ্চলম্ফে দক্ষ হয়ে উঠলেন। তা থেকে দৌড়বিদ হয়ে ওঠার গল্পটাও অন্য রকম।
ফিরোজার খেলোয়াড়ি জীবন শুরু হয় ঘোড়াশালে। ছোটবেলায় তিনি সেখানে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) হয়ে খেলতে গিয়েছিলেন। ১০০ মিটার দৌড়ের জন্য সেদিন সেখানে কোনো মেয়ে উপস্থিত ছিল না। কর্মকর্তারা ফিরোজা খাতুনকে দৌড়াতে বলেন। পুরস্কার না পেলেও কর্মকর্তাদের চোখে পড়েন ফিরোজা। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। খেলার জগতে বেশি সময় দেওয়ার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার গণ্ডি এইচএসসির পর আর এগোয়নি।

মেয়ের সঙ্গে ফিরোজা খাতুন। ছবি: জগলুল পাশা
মেয়ের সঙ্গে ফিরোজা খাতুন। ছবি: জগলুল পাশা

ফিরোজা খাতুনের বাবা ও মা মারা গেছেন। তিন বোন, দুই ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। দুই ভাই ও এক বোনের সঙ্গে একই বাড়িতে থাকছেন ফিরোজা খাতুন ও তাঁর মেয়ে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে নারাজ তিনি। শুধু জানালেন, তিনি নিজে সব সময় স্বাধীনতাপ্রিয়। ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে তাঁর ভালো লাগে না। বিভিন্ন কাজে মধ্য থেকে আনন্দ খুঁজে নিতে হয়—এ তত্ত্বে বিশ্বাসী তিনি। পাড়ার কুকুর ও বিড়ালের প্রতি তাঁর অপরিসীম ভালোবাসা। তার প্রমাণও পাওয়া গেল। চারটি বিড়ালের বাচ্চাকে কেউ রাস্তায় ফেলে গিয়েছিল। তারা এখন ফিরোজা খাতুনের ঘরে পরম মমতায় বড় হচ্ছে।
মেয়েদের খেলাধুলা প্রসঙ্গে ফিরোজা খাতুন বলেন, মেয়েদের বয়স বাড়লে পরিবারকে দেখাশোনার চিন্তা করতে হয়। বর্তমানে বিভিন্ন বাহিনীতে কর্মরত মেয়েরা চাকরির অংশ হিসেবেই খেলার সুযোগ পাচ্ছে। এতে মেয়েদের খেলায় টিকে থাকার সম্ভাবনাটা বেড়ে যাবে। মেয়েদের এ সুযোগটাকে কাজে লাগাতে হবে। খেলাধুলায় শুধু পরিশ্রম করলে হবে না, দক্ষতার পাশাপাশি মনের চাহিদাও থাকতে হবে।