এখনো কোনো সহায়তা পায়নি হতাহতদের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৮ ডিসেম্বর নেত্রকোনা ট্র্যাজেডি দিবস। ২০০৫ সালের এই দিনে উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদ কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এর ১১ বছর পার হলেও হতাহত ব্যক্তিদের সরকারি সহায়তা দেওয়া হয়নি।
ওই ঘটনায় নিহত নেত্রকোনা উদীচীর সহসাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেনের স্ত্রী শাহনাজ বেগম বলেন, ‘আমার পরিবারে স্বামীই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। কৃষিজমি না থাকায় সন্তানদের লেখাপড়া ও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।’
দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টা ৪০ থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট স্তব্ধ থাকবে নেত্রকোনা। এ সময় শহরের রাস্তায় যানবাহন চলবে না, হাঁটবে না কোনো পথচারী।
থানা-পুলিশ সূত্র জানায়, ওই দিন জেএমবি বোমা হামলা চালায়। এতে খাজা হায়দার হোসেনসহ জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত পাল, মোটরসাইকেল মেকানিক যাদব দাস, পুলিশ কর্মকর্তার স্ত্রী রানী আক্তার, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, শ্রমিক রইছ মিয়া, ভিক্ষুক জয়নাল ও হামলাকারী আল বাকি মো. কাফি নিহত হন। এ ঘটনায় দুটি মামলা হয়। এর মধ্যে বিস্ফোরক আইনে জেএমবির কমান্ডার সালাউদ্দিন ওরফে সালেহীন ও সদস্য আসাদুজ্জামান নামের দুজনকে মৃত্যুদণ্ড দেন উচ্চ আদালত। এর একটিও কার্যকর হয়নি।
জেলা উদীচীর সহসভাপতি ও ওই হামলায় আহত তুষার কান্তি রায় বলেন, প্রতিবার আসামিদের রায় কার্যকরের আশ্বাস দেওয়া হয়। কিন্তু ঘটনার ১১ বছরেও তা করা হয়নি।
ট্র্যাজেডি দিবস উদ্যাপন কমিটির সদস্যসচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, আজ সকাল নয়টায় কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে বিকেল সাড়ে চারটায় সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি প্রাবন্ধিক যতীন সরকার।
কেন্দ্রীয় উদীচীর কার্যকরী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান বলেন, সংস্কৃতিকর্মীরা সব সময় সত্য-সুন্দর অসাম্প্রদায়িক মানবতা ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন। তাই উগ্র, ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁদের ওপর বিভিন্ন স্থানে বোমা হামলা চালায়। তাই সবাই মিলে এই হায়েনাদের প্রতিহত করতে হবে।