এখনো কোন্দলের বৃত্তে পেকুয়া আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন্দলের বৃত্ত থেকে এখনো বের হতে পারেনি পেকুয়া উপজেলা আওয়ামী লীগ। মূলত সংসদ নির্বাচনে দুই মনোনয়নপ্রত্যাশীর নেতৃত্বে এ কোন্দল তীব্র হচ্ছে। এরই জের ধরে গত বুধবার ও বৃহস্পতিবার দুই পক্ষই পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করেছে।
জানা গেছে, গত ১৩ ডিসেম্বর পেকুয়া উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে আ ক ম সাহাব উদ্দিন ফরায়েজী সভাপতি ও আবুল কাশেম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সময় থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরাজিত বখতিয়ার উদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আরেকটি বলয় সৃষ্টি হয়। এ বলয়টিকে নেতৃত্ব দিয়ে আসছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ। আর ফরায়েজী-কাশেমকে নেতৃত্ব দিচ্ছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
দলীয় নেতা-কর্মীরা বলেন, বিএনপি যেখানে গ্রামে গ্রামে সংগ্রাম কমিটি গঠন করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে সেখানে পেকুয়া আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করছে। যা নেতা-কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। গত বুধবার জাফর আলমের নেতৃত্বাধীন গ্রুপ পেকুয়া বাজারে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে পেকুয়া চৌমুহনীতে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বাধীন গ্রুপ একইভাবে সমাবেশ করেছে। দুই মনোনয়নপ্রত্যাশী জাফর আলম ও সালাহউদ্দিন আহমদ দুই পক্ষের সমাবেশে উপস্থিত হয়ে দলীয় কোন্দলকে আরও উসকে দিয়েছে বলে অভিযোগ করেন দলীয় নেতা-কর্মীরা।
এ বিষয়ে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, জাফর আলম বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবিলার প্রস্তুতি হিসেবে ওই সমাবেশ করেছেন। তা ছাড়া সমাবেশটি পূর্বনির্ধারিত ছিল।
অপর পক্ষের জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা যুব সমাবেশ করেছি। কারও পক্ষে-বিপক্ষে করি নাই। সমাবেশটি পূর্বনির্ধারিত না হলেও ২৫ অক্টোবরের নৈরাজ্য মোকাবিলায় এ সমাবেশটি গুরত্বপূর্ণ ছিল।’