এখনো খোঁজ মেলেনি ডুবে যাওয়া ১২ জনের
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১২ জনকে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় জেলে ও খুলনা থেকে আসা ডুবুরিরা ঘটনাস্থলের আশপাশে এ অভিযান চালাচ্ছে। নিখোঁজ ব্যক্তিরা দৌলতপুর উপজেলার ফারাকপুর ও গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল হক সকালে প্রথম আলোকে জানান, তাঁদের হিসাব মতে, ডুবে যাওয়া নৌকায় মাঝিসহ ১৭ জন ছিলেন। এর মধ্যে পাঁচজন তীরে পৌঁছাতে সক্ষম হন। বাকি ১২ জন এখনো নিখোঁজ। রাতেই খুলনা থেকে আট সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
ডুবুরি দলের সদস্য দেওয়ান মোহাম্মদ জাহিদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ১২ ঘণ্টা পেরিয়ে গেছে। তাই তাদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম। পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। তাই লাশ ভেসে না ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বৈরাগীরচর এলাকায় পদ্মা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষে আনন্দ ভ্রমণের উদ্দেশে কমপক্ষে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় করে ১৭ জন পদ্মা নদীর বৈরাগীরচর ঘাট থেকে নদীর মধ্যবর্তী একটি চরে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর নৌকাটি প্রবল ঢেউয়ের মুখে পড়ে উল্টে যায়। এ সময় স্থানীয় লোকজন নৌকাটির মাঝিসহ সাতজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। এঁদের মধ্যে নৌকার মাঝি আশরাফুল ইসলামসহ চারজনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে।
দুঘর্টনার পর কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজাসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
নিখোঁজ যাত্রীদের মধ্যে রয়েছেন বিভা (২২), শিপন (২৬), শাহাজুল (২৮), স্বপন (২০), কেয়ামণি (১০), জামাল (২৬) তার স্ত্রী সুমি (২০), বীথি (১০), তিন্নি (৭), সন্ধ্যা (৪), সুবর্ণা (৬) ও কালু।
সকালে আবার ঘটনাস্থলে যান জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে জোর তত্পরতা চলছে। ডুবুরিরা ঘটনাস্থল থেকে একটু দূরে ভেড়ামারা উপজেলার রায়টা ঘাটে উদ্ধারতত্পরতা চালাচ্ছেন।