এখনো খোঁজ মেলেনি তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে নিখোঁজ দুই ব্যবসায়ীসহ চারজনের এখনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, এই চারজনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তুলে নেওয়া হয়েছে।
এই চারজন হলেন বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল ও ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, ব্যবসায়ী ও বিএনপির নেতা সৈয়দ সাদাত, ২০-দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান ও কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশরাক আহম্মেদ।
তাঁদের মধ্যে আরএমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়কে গত ২৭ আগস্ট গুলশান অ্যাভিনিউতে একটি ব্যাংকের সামনে থেকে কিছু লোক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত তাঁকে উদ্ধার করতে পারেনি।
অনিরুদ্ধের স্ত্রী শাশ্বতী রায় গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, কে বা কারা তাঁর স্বামীকে তুলে নিয়ে গেছে, তা তিনি জানেন না। তিনি স্বামীকে জীবিত ও সুস্থ অবস্থায় ফেরত চান। তিনি বলেন, ‘রাষ্ট্র কী ব্যবস্থা নিল? এত দিন হয়ে গেলেও অনিরুদ্ধকে খুঁজে পাচ্ছে না। গুলশান থানা বলে দেখি, দেখছি।’
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘অনিরুদ্ধকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং সবাই মিলে চেষ্টা করছি।’
গত ২২ আগস্ট বনানী উড়ালসড়কের নিচ থেকে নিখোঁজ হন ব্যবসায়ী ও বিএনপির নেতা সৈয়দ সাদাত। এ ঘটনায় তাঁর স্ত্রী ক্যান্টনমেন্ট থানায় অপহরণের মামলা করেন। গতকাল পর্যন্ত পুলিশ তাঁকে উদ্ধার করতে পারেনি।
গতকাল রাতে যোগাযোগ করা হলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রযুক্তির সহায়তা নিয়েও সাদাতের অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছে না। পরিবারের কাছে কেউ মুক্তিপণও দাবি করেনি। পুলিশ এ নিয়ে ধোঁয়াশা অবস্থায় আছে। তারপরও সাদাতকে উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।
কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান গত ২৭ আগস্ট নিখোঁজ হন। এ ঘটনায় পল্টন থানায় জিডি করা হয়। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম গতকাল প্রথম আলোকে বলেন, ২৭ আগস্ট রাতে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে আমিনবাজারের বাসার উদ্দেশে বের হন আমিনুর রহমান। এরপর নয়াপল্টনের মসজিদ গলি থেকে কে বা কারা আমিনুরকে অপহরণ করে নিয়ে গেছে। তাঁকে উদ্ধারের জন্য সরকারের কাছে আহ্বান জানান মুহাম্মদ ইবরাহিম।

পুলিশের মতিঝিল বিভাগের দায়িত্বে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের উপকমিশনার মোহা. আশরাফ-উজ-জামান গতকাল প্রথম আলোকে বলেন, কল্যাণ পার্টির মহাসচিবকে উদ্ধারের জন্য তাঁরা চেষ্টা চালাচ্ছেন।

গত ২৬ আগস্ট ধানমন্ডিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ইশরাক আহম্মেদ।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ইশরাক নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর থানায় একটি জিডি হয়েছে। এটা অপহরণের ঘটনা নয় বলে মনে করেন তিনি। কারণ ইশরাকের স্বজনদের কাছে কেউ মুক্তিপণ দাবি করেনি। ইশরাক আত্মগোপনে গেলেন কি না, সেই সন্দেহ করছে পুলিশ।

পারিবারিক সূত্র জানায়, ইশরাক পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে আসেন। ঈদের পরদিন ৩ সেপ্টেম্বর তাঁর কানাডায় ফেরার কথা ছিল। এর মধ্যে তিনি নিখোঁজ হন।

ইশরাকের বাবা জামালউদ্দীন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘সব জায়গায় যাচ্ছি আমরা। কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারছে না। পুলিশ, র‍্যাব সবাই বলছে ধৈর্য ধরতে। একজন বাবা হিসেবে এই ধৈর্য ধরা যে কত কঠিন!’