
দেশের রিয়েল এস্টেট তথা আবাসন খাতের ব্যবসা পরিস্থিতি ২০১৩ সালে খুবই খারাপ গেছে। একাধিক কারণে এটি হয়েছে। তবে প্রত্যাশা ছিল যে ২০১৪ সালের প্রথমার্ধেই রিয়েল এস্টেট খাতের ব্যবসায় আবার গতিময়তা ফিরে আসতে শুরু করবে। এখন পর্যন্ত অবশ্য তেমন লক্ষণ জোরদার হয়নি।
একাধিক কারণে রিয়েল এস্টেট খাত মন্দাবস্থায় পতিত হয়েছিল। বিশেষ করে গত বছর রাজনৈতিক অস্থিতিশীলতার নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এটাও মনে রাখতে হবে, যেভাবে প্লট-ফ্ল্যাটের দাম বেড়ে গিয়েছিল, তা স্বাভাবিকভাবেই বাংলাদেশের অর্থনীতির গতি-প্রকৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ ছিল না। ফলে একটা পর্যায়ে গিয়ে ব্যাপকভাবে দর সংশোধন হতে থাকে। আর এই দর সংশোধন গোটা ২০১৩ সাল জুড়েই চলেছে। এখনো যে ফ্ল্যাট বিক্রি তেমন হচ্ছে না, তার মানে হলো আরেকটু দর সংশোধন হওয়ার সুযোগ আছে। সম্ভবত একটা প্রত্যাশা রয়েছে যে দাম আরও কমবে। তাই দাম না কমা পর্যন্ত কেউ ফ্ল্যাট ক্রয়ের দিকে যাবে না।
আবার রিয়েল এস্টেট খাত চাঙা থাকার সময় ২০১০ থেকে ২০১২ সালে জোগান অনেক বেড়ে গিয়েছিল; বিশেষ করে উত্তরাসহ রাজধানীর কিছু কিছু এলাকায়। বড় বিনিয়োগের পাশাপাশি ছোট ছোট অনেক বিনিয়োগও তখন এসেছে। তবে অর্থনীতির সূত্র মেনেই চাহিদার বিপরীতে জোগান বেশি হয়ে পড়লে তা দামে প্রভাব ফেলে, দামকে নিম্নমুখী করে। সেই দিক থেকে দেখলেও দর সংশোধনটা অপ্রতিরোধ্য ছিল।
যেহেতু দর সংশোধনের প্রবণতা অব্যাহত আছে, তাই ডেভেলপাররাও বিভিন্ন কৌশল নিচ্ছে ব্যবসায় টিকে থাকার জন্য। মুনাফা নয়, বরং লোকসান ন্যূনতম পর্যায়ে রেখে বিক্রি করে বেরিয়ে আসা হলো সে রকম একটা কৌশল। পাশাপাশি ব্যয় সংকোচন করতে হচ্ছে। এর ফলে অনিবার্যভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচ্যুতি হচ্ছে। এটা সার্বিকভাবে অর্থনীতির জন্য সুখকর নয়।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদের হার বেশ চড়া। তাই ঋণ নিয়ে ফ্ল্যাট ক্রয় করা মধ্যবিত্তের পক্ষে বেশ কঠিন। সুদের হার যদি এক অঙ্কের ঘরে না নামে, তাহলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণপ্রবাহ তেমন বাড়বে না।
গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগটি অনেক পুরোনো। সম্প্রতিকালে অবশ্য এই অভিযোগের মাত্রা অনেক কমে এসেছে। রিয়েল এস্টেট ব্যবসায়ী ও ডেভেলপাররা যেমন সচেষ্ট হয়েছে গ্রাহক সেবা বাড়াতে, তেমনি সরকারের দিক থেকে নজরদারিও বেড়েছে। রিহ্যাবও সক্রিয় হয়েছে। তবে গ্রাহক বা ক্রেতাদের দিক থেকে আরও সতর্ক ও সচেতন হওয়ার প্রয়োজন আছে। সবারই উচিত ভালোভাবে বুঝে-শুনে ফ্ল্যাট ক্রয় করা।
সর্বোপরি রিয়েল এস্টেট খাত সার্বিক অর্থনীতির বাইরে নয়। কাজেই অর্থনীতির অন্য খাতগুলোর নেতিবাচক প্রভাব স্বাভাবিকভাবেই রিয়েল এস্টেট খাতের ওপর পড়বে। সুতরাং, রিয়েল এস্টেট খাতের ঘুরে দাঁড়ানো বহুলাংশে অর্থনীতির গতিময়তা ফিরে আসার ওপর নির্ভরশীল।
লেখক: ব্যবস্থাপনা পরিচালক, শেলেটক্।