এখনো চিরচেনা রূপে ফেরেনি রাজধানী

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর নতুন সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার। স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে আজও রাজধানীতে ফিরছে মানুষ। রাজধানীর প্রধান প্রধান সড়কে যানবাহনের চাপও বেড়েছে। তবে কোনো সড়কে চিরচেনা যানজট চোখে পড়েনি।
সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা বাসগুলোয় মানুষ রাজধানীতে ফিরছে। মাগুরার শ্রীপুর থেকে সকালে আসেন একটি বেসরকারি ব্যাংকের কর্মী মো. আবদুল জলিল। তিনি বলেন, ‘প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে গ্রামে গিয়েছিলাম। আজ থেকে অফিস খোলা। তাই বাসায় গিয়ে পরে অফিসে যাব।’
পঞ্চগড় থেকে এসেছেন মিরপুরের বাসিন্দা আসিফ মাহমুদ। তিনি জানালেন, বৃহস্পতিবার তাঁর অফিস খুলেছে। সেদিন তিনি ছুটি নিয়েছিলেন। আজ থেকে তিনি অফিস করবেন।
সকাল থেকে টিপ টিপ বৃষ্টি হওয়ায় রাজধানীতে প্রবেশ করতে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। গাবতলী, কল্যাণপুর ও টেকনিক্যাল মোড় এলাকায় কাদা-পানি মাড়িয়ে মানুষকে যাতায়াত করতে দেখা গেছে।
কল্যাণপুরে এসআর কাউন্টারের সামনে কথা হয় রাজশাহী থেকে আসা শহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘সকালে ঢাকায় নেমে দেখি বৃষ্টি হচ্ছে। এদিকে আবার অফিসে যাওয়ার তাড়া আছে। তাই ভিজেই মোহাম্মদপুরে যাচ্ছি। সেখান থেকে পরে ফ্রেশ হয়ে অফিসে যাব।’
আমাদের কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, দক্ষিণাঞ্চলের মানুষের একটি বড় অংশ ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল দিয়ে রাজধানীতে ফিরছে। একটার পর একটা লঞ্চ আসছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুট থেকে। আজ ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৪১টি রুট থেকে সদরঘাট টার্মিনালে লঞ্চ এসেছে ৮৬টি। বেশির ভাগ লঞ্চেই অতিরিক্ত যাত্রী ছিল।
এদিকে রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে গিয়ে দেখা গেছে, গত কয়েক দিনের তুলনায় যানবাহনের চাপ বেড়েছে। মিরপুরের ইটিসি বাসের চালক মো. মালেক বলেন, ‘আজকে মানুষের চাপ বাড়ছে, তয় রাস্তাঘাট অখনো ফাঁকা। কোথাও জাম নাই।’
ফার্মগেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আফরিন জানালেন, তিনি সকালে পেশাগত কাজে মিরপুর থেকে ধানমন্ডি যান। এরপর সেখান থেকে গুলশান ও পরে ফার্মগেট এসেছেন। কোথাও যানজট পাননি। স্বাচ্ছন্দ্যেই বাসে যাতায়াত করতে পেরেছেন।
সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিন। তিনি বলেন, মানুষ ঢাকা মুখে আসতে শুরু করেছে। গত কয়েক দিনের তুলনায় আজ যানবাহনের চাপ বেড়েছে। তবে যানজট নেই বললেই চলে। তবে আগামী কাল থেকে চাপ আরও বাড়বে বলে মনে করেন তিনি।