এখনো চোখ মেলতে পারছে না তানজিনা
চোখ মেলতে পারছে না দেড় বছরের ছোট্ট তানজিনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে আছে সে। মাঝেমধ্যে শুধু হাত-পা ছুড়ে কেঁদে উঠছে। তার শিয়রে বসে খোলা চোখে আঁধার দেখছেন তার মামা ইউনুস।গত সোমবার সন্ধ্যায় দেড় বছরের তানজিনাকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েছিলেন মা মাকসুদা। গত মঙ্গলবার মাকসুদা মারা গেছেন। গতকাল গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁর দাফন হয়েছে। ওই ঘটনার সময় নয় বছরের ছেলে নাজমুল পাশেই দাঁড়িয়ে ছিল।এ ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনা মামলায় পুলিশ এজাহারভুক্ত আসামি মাকসুদার শাশুড়ি আয়েশা আক্তারকে গ্রেপ্তার করেছে। মামলাটির তদন্ত কর্মকর্তা জিআরপি থানার উপপরিদর্শক ওহিদুল হক গতকাল আড়াইহাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেন।ইউনুস বললেন, ‘বোনকে হারিয়েছি, এখন চিন্তা তার দুই ছেলেমেয়ে নিয়ে। মায়ের ওপর বাবার নির্যাতন আর বাবা-মায়ের ঝগড়া দেখতে দেখতে ছেলেটা বড় হয়েছে। চোখের সামনে মাকে মরতে দেখে সে যেন বদলে গেছে অনেকখানি।’ তিনি জানান, তানজিনা এখনো চোখ মেলতে পারছে না। বাঁ চোখ ফুলে রয়েছে অনেকখানি।মাকসুদার লাশ গতকাল বিকেলে আড়াইহাজারের চৈতারকান্দায় দাফন করা হয়েছে।