এখনো ছোপ ছোপ রক্তের দাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো ছোপ ছোপ রক্তের দাগ। পড়ে আছে সাংবাদিকের ক্যামেরার লেন্সক্যাপ, পুলিশের হেলমেটের অংশ। কিছু জায়গা দেখে মনে হচ্ছে, মাটি যেন কেউ খুবলে তুলে নিয়েছে। এক পাশে পড়ে আছে কিছু কাঁচা সবজি। বোমা হামলার জায়গাটি হলুদ ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছিলেন তদন্তকারীরা।

সিলেট মহানগরের দক্ষিণ সুরমার পাঠানপাড়া, যেখানে গতকাল শনিবার সন্ধ্যায় জঙ্গিবিরোধী অভিযান চলার মধ্যেই বোমা হামলা হয়। রোববার সেখানে দেখা গেল ছোপ ছোপ রক্তের দাগ। ছবি: গোলাম মর্তুজা
সিলেট মহানগরের দক্ষিণ সুরমার পাঠানপাড়া, যেখানে গতকাল শনিবার সন্ধ্যায় জঙ্গিবিরোধী অভিযান চলার মধ্যেই বোমা হামলা হয়। রোববার সেখানে দেখা গেল ছোপ ছোপ রক্তের দাগ। ছবি: গোলাম মর্তুজা

আজ রোববার বিকেল পাঁচটার দিকে এ দৃশ্যের দেখা মিলল সিলেট মহানগরের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায়; যেখানে গতকাল শনিবার সন্ধ্যায় অভিযান চলার মধ্যেই প্রথম দফা বোমা হামলার ঘটনা ঘটে।

পড়ে আছে সাংবাদিকের ক্যামেরার লেন্সক্যাপ। ছবি: গোলাম মর্তুজা
পড়ে আছে সাংবাদিকের ক্যামেরার লেন্সক্যাপ। ছবি: গোলাম মর্তুজা

গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার সন্দেহভাজন জঙ্গি আস্তানা আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। জঙ্গিবিরোধী এই অভিযানের মধ্যে গতকাল সন্ধ্যার দিকে আতিয়া মহলের প্রায় দেড় শ গজ দূরে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনাবাহিনী। এই সম্মেলন শেষ হতে না-হতেই আতিয়া মহল থেকে প্রায় আড়াই শ গজ দূরে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এর ৪০-৪৫ মিনিট পর আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্বিতীয় বিস্ফোরণ স্থলটি ছিল প্রথম বিস্ফোরণ স্থল থেকে শ খানেক গজ দূরে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। সাংবাদিক, পুলিশ, র‍্যাব সদস্যসহ ৫০ জন আহত হয়েছেন।

পুলিশের হেলমেটের অংশ। ছবি: গোলাম মর্তুজা
পুলিশের হেলমেটের অংশ। ছবি: গোলাম মর্তুজা

গতকাল সন্ধ্যা সাতটার দিকে প্রথম বিস্ফোরণের পৌনে এক ঘণ্টা পর চারদিকে যখন ছোটাছুটি চলছিল, তখন আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত হন পুলিশ ও র‍্যাবের কয়েকজন সদস্য। প্রথম বিস্ফোরণের ঘটনাস্থলে তখন দুটি মোটরসাইকেল পড়ে ছিল। কয়েকজন রক্তাক্ত, ক্ষতবিক্ষত মানুষ, এখানে-সেখানে ছোপ ছোপ রক্ত পড়ে ছিল। বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করছিল।