এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ হাটে প্রচুর গরু এসেছে। ছবিটি গতকাল রোববার দুপুরে তোলা l প্রথম আলো
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ হাটে প্রচুর গরু এসেছে। ছবিটি গতকাল রোববার দুপুরে তোলা l প্রথম আলো

কোরবানির ঈদের মাত্র চার দিন বাকি। মানিকগঞ্জ জেলার হাটগুলোয় ইতিমধ্যে প্রচুর গরু উঠেছে। তবে বিক্রি এখনো জমে ওঠেনি।

জেলার বড় পশুর হাটগুলোর মধ্যে অন্যতম বড় হরগজ হাট। গতকাল রোববার ওই হাটে দেখা যায়, ছোট-বড় ট্রাক, পিকআপ, নছিমন ও ভটভটিতে করে বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে আসছেন খামারিরা। এসব যানবাহনের চাপে যানজট সৃষ্টি হওয়ায় হাটের প্রায় এক কিলোমিটার দূর থেকেই গাড়ি থেকে গরুগুলোকে নামিয়ে দল বেঁধে ছুটছেন খামারিরা। সকাল আটটা থেকেই গরু নিয়ে আসতে থাকেন খামারিরা। দুপুর ১২টার দিকে হাটের বিশাল মাঠ গরু দিয়ে ভরে যায়। তবে বেলা তিনটা পর্যন্ত হাটে ক্রেতা ও ব্যবসায়ীদের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি।

হাটে ১০-১২ জনকে হাসিল লেখার দায়িত্বে থাকতে দেখা যায়। তাঁদের মধ্যে একজন আনন্দ সূত্রধর। তিনি জানান, অন্যবারের তুলনায় এবার হাটে ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি কম। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর কাউন্টারে একটি গরুও বিক্রি হয়নি।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কেদারপুর গ্রামের খামারি আমির ব্যাপারী একটি ষাঁড় নিয়ে এসেছেন এই হাটে। তিনি জানান, দুই বছর ধরে বকনা বাছুর পুষে কমপক্ষে ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। তাঁর আশা, এই হাটে ১ লাখ টাকায় গরুটি বিক্রি করবেন। তবে কেউ কাঙ্ক্ষিত দাম বলছে না।

গ্রামে গ্রামে ঘুরে ক্ষুদ্র খামারিদের কাছ থেকে গরু কিনে বিক্রি করেন জেলার সিঙ্গাইর উপজেলার চরজামালপুর গ্রামের সাইফুল ইসলাম। হরগজ হাটে কথা হলে তিনি বলেন, গত এক সপ্তাহে জেলার বিভিন্ন হাট থেকে ২০টি গরু কেনেন। তবে এবার ব্যবসায় লাভ করতে পারেননি। তিনটি গরু কেনা দামের চেয়ে কমে বিক্রি করেছেন।

এই হাটের ইজারাদার হরগজ উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান বলেন, এবার বন্যার কারণে এই হাটে ক্রেতা কম। ক্রেতারা ভাবতে পারেন, দুই দিন পর গরুর দাম আরও কম হতে পারে। অন্যদিকে খামারিরাও মনে করতে পারেন, দুই-তিন দিন পর গরুর দাম বাড়তে পারে। কোরবানির পশু কেনাবেচা নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে যাচাই-বাছাই চলছে। এ কারণে গরু কেনাবেচা খুব একটা জমে ওঠেনি।

ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গরুর দাম অনেকটা স্বাভাবিক। তবে চলতি বন্যায় অতিরিক্ত টাকা খরচ করে অনেক খামারি গরুগুলোকে দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করেছেন। এ কারণে দাম কিছুটা বেশি পাবেন বলে খামারিদের অনেকেই ভাবছেন। তিনি বলেন, ভারতীয় গরু দেশে না ঢুকলে খামারিরা লাভের মুখ দেখবেন বলে তিনি জানান।