এখনো জমেনি সেমাইয়ের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমাই ছাড়া ঈদ কল্পনাই করা যায় না। পবিত্র ঈদুল ফিতরে অতিথি আপ্যায়নে সেমাই থাকবেই। অথচ ঈদ ঘনিয়ে এলেও রাজধানীতে এখনো সেভাবে জমে ওঠেনি সেমাইয়ের বাজার। একই অবস্থা মসলার বাজারেও। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে দোকানে মানুষ আসছে কম। তাঁরা আশা করছেন, ঈদের দুই-তিন দিন আগে এসব পণ্যের বিকিকিনি জমে উঠবে।

গতকাল সোমবার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, সেমাই, চিনি, মসলার বাজারের বিক্রেতারা অলস সময় কাটাচ্ছেন। উপহার স্টোরের বিক্রেতা বাবুল হোসেন বলেন, বাজারে এখনো সেভাবে ক্রেতা আসা শুরু হয়নি। তাঁর ধারণা, বৃষ্টির জন্য ক্রেতারা কম আসছেন।

পলাশ এন্টারপ্রাইজের বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, অনেকে ঢাকা ছেড়ে যাচ্ছেন। তাঁরা ঢাকার বাইরে থেকেই সেমাই কিনবেন। আর যাঁরা ঈদে ঢাকায় থাকছেন, তাঁরা এখনো দোকানে সেভাবে আসতে শুরু করেননি। হয়তো দু-এক দিন পর আসবেন।

হাতিরপুল ও কারওয়ান বাজারের বিভিন্ন সেমাইয়ের দোকানে ঘুরে দেখা যায়, বনফুলের লাচ্ছা সেমাই ৮০০ গ্রামের প্যাকেট ১৬৫ টাকা, ৫০০ গ্রামের ১৫০ টাকা, ২০০ গ্রামের ৩০ টাকা; ওয়েল ফুডের ৪০০ গ্রাম ১২০ টাকা;  কুলসন ২০০ গ্রাম ৩০ টাকা; প্রিন্স লাচ্ছা সেমাই ২০০ গ্রাম ২৫ টাকা; আলাউদ্দিন লাচ্ছা সেমাই ৫০০ গ্রাম ২০০ টাকা; ডায়মন্ড সেমাই ৯০৮ গ্রাম ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন খোলা সেমাই প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। সেমাইয়ের সঙ্গে বিক্রি হচ্ছে চিনি, বাদাম, কিশমিশও।

বিক্রেতারা জানান, তাঁরা চকবাজার থেকে পাইকারি দামে সেমাই কেনেন। কেজিতে ৫ থেকে ৭ টাকা লাভ করেন।

হাতিরপুল বাজারে কথা হয় ভূতের গলির বাসিন্দা মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি সেমাই কিনছিলেন। মাহমুদুল হাসান বলেন, ‘প্রতিবছর আমি আত্মীয়দের বাড়িতে সেমাই পাঠাই। এবারও পাঠাচ্ছি।’

মসলার বাজারও জমেনি: রাজধানীতে মসলার বাজার এখনো সেভাবে জমে ওঠেনি। কারওয়ান বাজারের মসলা বিক্রেতারা জানান, ঈদুল ফিতরে মসলা তুলনামূলকভাবে কম বিক্রি হয়।

কারওয়ান বাজারের বিভিন্ন দোকানে দারুচিনি প্রতি কেজি ৩০০ টাকা, লবঙ্গ ৯০০ টাকা, বাদাম ৯৫ থেকে ১০০ টাকা, কিশমিশ ২৯০ টাকা, কাঠবাদাম ৭০০ থেকে ৭২০ টাকায় বিক্রি হতে দেখা যায়। বিক্রেতারা জানান, মসলার মধ্যে ছোট এলাচের দাম কিছুটা বেড়েছে।