এখনো জালে আটকা পড়ে মারা যাচ্ছে মা কচ্ছপ
সৈকতের বেলাভূমিতে ডিম ছাড়তে আসার সময় নিষিদ্ধ জালে আটকা পড়ে একের পর এক মারা যাচ্ছে মা কচ্ছপ। জোয়ারের সময় সাগরজলে ভেসে এসব মরা কচ্ছপ চলে আসছে উপকূলে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশ ও পরিবেশ। এ ব্যাপারে গত দুই মাসে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও কচ্ছপের মৃত্যুরোধে প্রশাসনের কোনো তত্পরতা নেই। নাম প্রকাশ না করার শর্তে জেলা মত্স্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, শহরের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ উপকূলে প্রায় পাঁচ হাজার নিষিদ্ধ বিহিঙ্গা জাল পেতে রাখা হয়েছে। গভীর সাগরে মাছ ধরে আরও প্রায় সাত হাজার ট্রলার। এসব পেতে রাখা ও ট্রলারের জালে আটকা পড়েই মা কচ্ছপের মৃত্যু হচ্ছে। অনেক সময় জালে পড়া কচ্ছপ পিটিয়ে মেরে ফেলে জেলেরা। ওই কর্মকর্তা বলেন, সাগরে গিয়ে এসব জাল জব্দ করার মতো লোকবল ও জলযান আমাদের নেই। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে একটি বড় মৃত মা কচ্ছপ ভেসে আসে। বাংলাদেশ সার্ফিং ক্লাবের সদস্যরা মৃত কচ্ছপটি উদ্ধার করে বালুচরে পুঁতে ফেলেন। একই সময় সৈকতের লাবণী পয়েন্টে একটি, ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টে দুটি এবং সমিতি পাড়া ও ফদনারডেইল উপকূলে আরও পাঁচটি মৃত কচ্ছপ ভেসে আসে। সার্ফার জাফর আলম জানান, সার্ফিংয়ের সময় প্রতিদিন অনেক মৃত কচ্ছপ ভাসতে দেখা যায়। প্রতিটি কচ্ছপের শরীরে আঘাতের চিহ্ন থাকে। সৈকতে পর্যটকদের নিরাপত্তায় থাকা টুরিস্ট পুলিশ বাহিনীর তত্ত্বাবধায়ক ও কক্সবাজার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) এম সালাহ উদ্দিন জানান, কক্সবাজার সৈকত থেকে উখিয়ার ইনানী পর্যন্ত ২৫ কিলোমিটার সৈকত পরিদর্শনের সময় বালুচরে অনেক মৃত কচ্ছপ পড়ে থাকতে দেখা যায়। গত দুই মাস ধরে এ ঘটনা ঘটতে থাকলেও এর কারণ অনুসন্ধানে এখনো কেউ এগিয়ে আসেনি। কক্সবাজারের সামুদ্রিক মত্স্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাবুদ্দিন জানান, মূলত শীত মৌসুমে (জানুয়ারি থেকে এপ্রিল মাস) ডিম ছাড়ার জন্য হাজার মাইল দূর থেকে মা কচ্ছপ উপকূলের দিকে ছুটে আসে। এ সময় সাগরে পেতে রাখা জালে আটকা পড়ে অনেক কচ্ছপের মৃত্যু হয়। পরে এগুলো জোয়ারের পানিতে তীরে চলে আসে। প্রায় পাঁচ বছর ধরে এ অবস্থা চলছে। জালে আটকা পড়লে কচ্ছপ ছেড়ে দিতে হবে—এ ব্যাপারে যত দিন জেলেদের সচেতন করা সম্ভব হবে না, তত দিন মা কচ্ছপ মারা যেতে থাকবে। কচ্ছপ, হাঙর ও ডলফিন নিধন সম্পর্কে জেলেদের সচেতন করে মেরিন লাইফ এলিয়েন্স নামের একটি বেসরকারি সংস্থা। সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম বলেন, সাগরে নেমে জেলেদের সচেতন করা ঝুঁকিপূর্ণ এক কঠিন ব্যাপার। এরপরও আমরা সোনাদিয়া, নুনিয়াছটা, ফদনারডেইল, প্যাঁচারদ্বীপ, হিমছড়ি, ইনানী, টেকনাফ উপকূলে জেলেদের এ ব্যাপারে সচেতন করছি। প্রচারপত্রও বিলি করছি। নাম না প্রকাশ করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের একার সাগর উপকূলে পেতে রাখা এই বিপুল পরিমাণ জাল আটক বা জব্দ করা সম্ভব নয়।