এখনো ঠুকঠুক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিরোনাম দেখে ভ্রু কুঁচকে গেছে? ভাবছেন, ভুল হয়েছে কোথাও? না, কোনো ভুল নয়, এটাই সত্যি। বুধবার জাঁকালো উদ্বোধনের পর গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও বইমেলায় অবকাঠামোর সাজসজ্জার কাজ পুরো শেষ হয়নি।
মেলায় প্রবেশের পর বাঁ পাশেই কংক্রিট-বালুর মিশ্রণযন্ত্রের কর্কশ শব্দে বিরক্ত হয়েছেন অনেকে। এদিক-ওদিক হাতুড়ি-পেরেকের ঠুকঠুক শব্দ। মাঠে ইট বসিয়ে রাস্তা নির্মাণ চলছে, এমনকি অলংকরণের কাজও চলছিল বেশ কিছু স্টলে।
এ নিয়ে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় দিন কর্মদিবস সত্ত্বেও জনসমাগম ভালো লক্ষণ। তবে মেলার এই অগোছালো ভাব থাকা উচিত ছিল না। পাঠকেরা পিছিয়ে নেই। আমরা প্রকাশক-আয়োজকেরা পিছিয়ে থাকব কেন?’ তিনি বলেন, ‘গতকাল মৌখিকভাবে কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। কালকে (শুক্রবার) লিখিতভাবে দেব।’
এ প্রসঙ্গে মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ বলেন, ‘গতকাল (বুধবার) উদ্বোধনীতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে অনেকেই শেষ মুহূর্তে স্টল গোছাতে পারেননি। এসব বিষয় আমাদের নজরে পড়েছে, আশা করছি শুক্রবারের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।’
তবে বেশির ভাগ স্টলেই অবশ্য বই উঠে গেছে। বিকেলে রিকশাভ্যানে নতুন ঝকঝকে বই আসতে শুরু করে স্টলগুলোর সামনে। প্রকাশকেরা বিক্রয়কর্মীদের নিয়ে সেসব বই নামিয়ে র্যা কে সাজানো-গোছানোর কাজেই ব্যতিব্যস্ত ছিলেন। এর মধ্যে ক্রেতাদের হাতে পছন্দের বই তুলে দেওয়া, গণমাধ্যমকর্মীদের সঙ্গে দু-চার কথায় প্রাথমিক প্রতিক্রিয়া জানানো—এসবের মধ্য দিয়েই মেলার দ্বিতীয় সন্ধ্যা পেরিয়ে গেছে তাঁদের।
আজ শুক্রবার মেলায় শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। বেলা ১১টায় খুলে যাবে মেলার দ্বার।
মেলায় গতকাল বিদেশি দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকেলে দেখা গেল অস্ট্রিয়ার কবি মেনফ্রেড কোবো, কলম্বিয়ার ফার্নান্দো রেন্ডন, জার্মানির টবিয়াস বুরঘার্ট ও ইওনা বুরঘার্ট, রাশিয়ার ভিক্তর পোগাদাইভ, পুয়ের্তোরিকোর লুস মারিয়া লোপেজ ও মারিয়া দে লো অ্যানজেলেস কামাকো রিভাস সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছেন। হাসিমুখ নিয়ে প্রকাশনা সংস্থা অ্যাডর্ন পাবলিকেশনসের স্টলে বসে পাঠকদের অটোগ্রাফ দিয়েছেন। কথা বলেছেন। কথা প্রসঙ্গে জার্মানির কবি টবিয়াস বুরঘার্ট বলেন, অনুবাদ ও সংলাপের মধ্য দিয়ে পৃথিবীর জাতিতে জাতিতে বন্ধুত্বের সৃষ্টি হতে পারে। অমর একুশে গ্রন্থমেলার সঙ্গে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করে বাংলা একাডেমি সেই সুযোগ সৃষ্টি করেছে। তাঁরা মূলত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও কবিতা উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছেন। অ্যাডর্ন থেকে তাঁদের বইয়ের অনুবাদ বের হয়েছে।
আগ্রহ নিয়ে এসেছেন শহরের নানা বয়সী নারী-পুরুষ। পান্থপথ এলাকা থেকে এসেছিলেন দুই তরুণ আরাফাত হোসেন ও মাহমুদুর রহমান। আরাফাত বললেন, তাঁরা দুজনই মেসে থাকেন। গতকালই মেলায় এসেছেন। ইচ্ছে আছে প্রতিদিন আসার। তবে বই কিনবেন আরও কয়েক দিন পর, এখন দেখছেন।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লেখা সৈয়দ শামসুল হকের বই
এবারই প্রথম সৈয়দ শামসুল হক সশরীরে উপস্থিত থাকছেন না মেলায়। কিন্তু থাকছে তাঁর নতুন সৃষ্টি। গতকাল প্রথমা প্রকাশন থেকে এসেছে লেখকের দুটি নতুন বই। শব্দই চিকিৎসিত করে এবং হে বৃদ্ধ সময়। এর মধ্যে শব্দই চিকিৎসিত করে বইটিতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লেখা কবিতাগুলো কবির জীবনতৃষ্ণা, জীবন সম্পর্কে অভিজ্ঞতা ও দর্শন পাঠকের মধ্যে আগ্রহ তৈরি করেছে বলে জানান প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ। অন্যদিকে হে বৃদ্ধ সময় বইটি মূলত সৈয়দ হকের লেখা শৈশব-কৈশোরের স্মৃতিকথা। সোহরাওয়ার্দী উদ্যানের গেটের বাঁ পাশে একটু এগিয়ে গেলে মিলবে প্রথমা প্রকাশনের সুসজ্জিত স্টল। এখানে পাওয়া যাবে বই দুটি। একই প্রতিষ্ঠান থেকে এসেছে মহিউদ্দিন আহমদের আওয়ামী লীগ: উত্থানপর্ব ১৯৪৮-১৯৭০ ও আসিফ নজরুলের অসমাপ্তির গল্প।
মেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে এসেছে হাসান আজিজুল হকের নতুন বই দুয়ার হতে দূরে। ঐতিহ্য থেকে এসেছে বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের সংকলন ওঙ্কারসমগ্র, চন্দ্রাবতী একাডেমি থেকে এসেছে সেলিনা হোসেনের উনসত্তরের গণঅভ্যুত্থান। বাতিঘর থেকে এসেছে মোহাম্মদ রফিকের মানব পদাবলি।