এখনো তথ্য পাননি মানবাধিকারকর্মী সাদ হাম্মাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাসংক্রান্ত পরিসংখ্যান ২০ দিনের মধ্যে আবেদনকারীকে সরবরাহ করতে বলেছিল তথ্য কমিশন। ৮ মার্চ এই নির্দেশনা দেয় কমিশন। তবে গতকাল সোমবার পর্যন্ত এ–সংক্রান্ত কোনো তথ্য পাননি মানবাধিকারকর্মী সাদ হাম্মাদি।

বাংলাদেশের নাগরিক সাদ হাম্মাদি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিসে (শ্রীলঙ্কা) কর্মরত। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘যদিও তথ্য কমিশন নির্দেশ দেওয়ার পর ২০ দিন পার হয়ে গেছে, পুলিশ কর্তৃপক্ষ এখনো আমাকে তথ্য সরবরাহ করেনি। অন্যদিকে তথ্য কমিশন ২০ দিনের মধ্যে পুলিশ কর্তৃপক্ষকে তথ্য দিতে বলে এখনো পর্যন্ত সিদ্ধান্তপত্রই জারি করেনি।’

আরও পড়ুন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাসংক্রান্ত পরিসংখ্যান ২০ দিনের মধ্যে আবেদনকারীকে সরবরাহ করতে বলেছিল তথ্য কমিশন। ৮ মার্চ এই নির্দেশনা দেয় কমিশন। তবে গতকাল সোমবার পর্যন্ত এ–সংক্রান্ত কোনো তথ্য পাননি মানবাধিকারকর্মী সাদ হাম্মাদি।

আরও পড়ুন

দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে মোট কত মামলা, কত আসামি এবং কতজন গ্রেপ্তার হয়েছেন, তার পরিসংখ্যান চেয়ে বাংলাদেশ পুলিশের কাছে আবেদন করেছিলেন মানবাধিকারকর্মী সাদ হাম্মাদি। এসব তথ্য প্রকাশ পেলে আইনের প্রয়োগ বাধাগ্রস্ত এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন কারণ দেখিয়ে তথ্য দেয়নি পুলিশ।

পুলিশের কাছ থেকে তথ্য না পেয়ে আবেদনকারী সাদ হাম্মাদি অভিযোগ দায়ের করেন তথ্য কমিশনে। একাধিক দিন এই অভিযোগের শুনানি শেষে ৮ মার্চ আদেশ দেয় তথ্য কমিশন। আদেশে বলা হয়, অভিযোগকারী যেসব তথ্য চেয়েছেন, সেগুলো তথ্য অধিকার আইনে প্রদানযোগ্য। আগামী ২০ দিনের মধ্যে পুলিশ কর্তৃপক্ষকে আবেদনকারীকে তথ্য দেওয়ার নির্দেশ দিয়ে অভিযোগ নিষ্পত্তি করে কমিশন।

আরও পড়ুন

বাংলাদেশ পুলিশের পক্ষে তথ্য কমিশনে শুনানিতে অংশ নিয়েছেন আইনজীবী তাইফুল সিরাজ। তিনি প্রথম আলোকে বলেন, তথ্য কমিশনের আদেশের বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত৷ কমিশন মৌখিক আদেশ দিয়েছে। লিখিত আদেশে বলা থাকবে কোন তারিখের মধ্যে তথ্য দিতে হবে৷

আরও পড়ুন

তথ্য কমিশনের গবেষণা কর্মকর্তা রাবেয়া হেনা এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সিদ্ধান্তপত্র স্বাক্ষরের কার্যক্রম চলছে৷ দুই পক্ষের কাছেই পত্রের কপি যাবে৷ কমিশনের ওয়েবসাইটেও সিদ্ধান্তপত্রটি পাওয়া যাবে। দ্রুতই সিদ্ধান্তপত্রটি প্রস্তুত হয়ে যাবে। তিনি বলেন, সিদ্ধান্তপত্র জারির দিন থেকে আদেশে উল্লেখিত ২০ দিন গণনা হবে।

লেখক, গবেষক ও মানবাধিকারকর্মী সাদ হাম্মাদি ২০২১ সালের ৭ জুন পুলিশ সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবর তথ্য অধিকার আইনে আবেদন করেন। তিনি ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে এই আইনে প্রতিবছর দায়ের করা মামলার সংখ্যা, অভিযুক্ত ব্যক্তিদের সংখ্যা এবং গ্রেপ্তার ব্যক্তিদের সংখ্যা জানতে চান। তথ্য না পাওয়ায় তিনি গত ১৮ জুলাই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আপিল আবেদন করেন। নির্ধারিত সময়ে আপিল আবেদনের জবাব না পাওয়ায় সাদ হাম্মাদি গত ১০ আগস্ট তথ্য কমিশনে অভিযোগ করেন।

সাদ হাম্মাদির তথ্য চেয়ে করা আবেদন খারিজ করে তাঁকে একটি চিঠি দেয় পুলিশ। চিঠিতে বলা হয়, তথ্য অধিকার আইনের ধারা ৭-এর চ, ছ এবং ড উপধারা অনুযায়ী আবেদনকারীর তথ্য প্রকাশ করার মতো না। এসব তথ্য প্রকাশ পেলে আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হতে পারে, অপরাধ বৃদ্ধি পেতে পারে, জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, বিচারাধীন মামলার সুষ্ঠু বিচারকার্য ব্যাহত হতে পারে, কোনো অপরাধের তদন্তপ্রক্রিয়া এবং অপরাধীর গ্রেপ্তার ও শাস্তিকে প্রভাবিত করতে পারে।