এখনো তাঁদের খুঁজে ফিরছেন স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজার তিন তলায় কাজ করতেন সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লার চাঁন মিয়ার দ্বিতীয় স্ত্রী শীলা বেগম (২২)। গত বছরের ২৪ এপ্রিল ভবনধসের পর থেকেই তিনি নিখোঁজ। অশনাক্ত মরদেহগুলোর মধ্যে শীলা আছেন কি না, তা জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ পরীক্ষার নমুনা দিয়েও তাঁর মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শীলা নিখোঁজ হওয়ার পর থেকে চাঁন মিয়া তাঁর প্রথম স্ত্রী নার্গিসের সঙ্গে থাকেন। খোঁজ রাখেন না শীলার একমাত্র সন্তান সৌরভের। সৌরভ থাকে তার চাচি পারভীন আক্তারের কাছে।

পারভীন বলেন, ঘটনার দিন সকালে শীলা বাসা থেকে বের হন। ভবনধসের পর তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। এর পর উদ্ধার অভিযান শেষ হওয়ার দিন পর্যন্ত সাভার অধর চন্দ্র উচ্চবিদ্যালয় ও ঘটনাস্থলসহ বিভিন্ন হাসপাতাল চষে বেড়িয়েছেন। এর পরও শীলার কোনো খোঁজ পাননি তাঁরা।

তিনি জানান, শীলার খোঁজ না পাওয়ার কারণে তাঁর একমাত্র ছেলে সৌরভ সরকারি কোনো সহায়তাও পায়নি। তবে বিকাশের মাধ্যমে ৯০ হাজার টাকা পেলেও ওই টাকা তার বাবা চাঁন মিয়া নিয়ে গেছেন।

সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার কাশেম আলীর ছেলে আফজাল হোসেনের পরিবারও তার কোনো খোঁজ আজ পর্যন্ত পায়নি।

নিখোঁজ আফজালের মা সালমা বেগম বলেন, তাঁর দুই ছেলে আফজাল ও উজ্জ্বল রানা প্লাজার একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার দিন সকালে তাঁরা একসঙ্গে কাজে যান। ঘটনার কয়েকদিন পর লাশ হয়ে উজ্জ্বল ঘরে ফিরলেও আফজালের খোঁজ এখনো মেলেনি। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়েও আফজালের কোনো সন্ধান পাননি তাঁরা। ফলে তাঁর পরিবারও কোনো সহায়তা পায়নি।

সাভারের বিভিন্ন এলাকায় নিখোঁজ স্বজনের প্রতীক্ষায় এ রকম অনেকেই দিন কাটাচ্ছেন। তাঁরা এখনো জানেন না তাঁদের স্বজনেরা বেঁচে আছেন, নাকি চলে গেছেন না-ফেরার দেশে। কেউ কেউ বিশ্বাস করেন, ‘হয়তো তাঁদের প্রিয়জন আর ফিরে আসবেন না।’ আবার কেউ কেউ এখনো আশায় বুক বেঁধে আছেন আবারও ফিরে আসবেন প্রাণের স্বজন।

রানা প্লাজা ভবন ধসে এ রকম নিখোঁজ কতজন রয়েছেন তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে রানা প্লাজা দুর্ঘটনা নিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এ ধরনের অনেক পরিবারের দেখা মেলে। তাঁরা স্বজনদের কথা তুলে ধরেন সবার কাছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রানা প্লাজার ভবন ধসে মারা যায় এক হাজার ১৩৪ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর স্বজনেরা বুঝে নেন ৮৪৩টি মরদেহ। পরে রানা প্লাজার পেছনে ধ্বংসস্তূপ থেকে কুড়িয়ে পাওয়া একটি কঙ্কালের পরিচয় পাওয়া যায়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা হয় এক হাজার ১৩৫ জন।

উদ্ধার অভিযান চলাকালে পরিচয়বিহীন ২৯১টি মরদেহ সমাহিত করা হয় জুরাইন কবরস্থানে। স্বজনেরা শনাক্ত করে বুঝে নেওয়ার পর ওই মরদেহ তাঁদের স্বজনদের নয় বলে ১০টি মরদেহ ফেরত দেওয়া হয়। পরে ওই ১০টি মরদেহও জুরাইন কবরস্থানে অশনাক্ত হিসেবে সমাহিত করা হয়। এর মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রথম দফায় শনাক্ত করা হয় ১৫৭টি মরদেহ। দ্বিতীয় দফায় শনাক্ত করা হয় ৪৪টি এবং তৃতীয় দফায় শনাক্ত করা হয় আরও সাতটি মরদেহ। এ হিসাবে ৯৩টি মরদেহ অশনাক্ত রয়ে যায়।

কিন্তু অশনাক্ত মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তিদের আত্মীয় দাবি করে ৫৪০টি পরিবারের ৫৪৮ জন রক্তের নমুনা জমা দেন। সেখান থেকে প্রথম দফায় শনাক্ত করা হয় ১৫৭, দ্বিতীয় ৪৪ এবং তৃতীয় দফায় শনাক্ত করা হয় সাতটি মরদেহ। বাকি পরিবারগুলোর মধ্যে অনেকেই এখনো স্বজনদের খোঁজে দিন পার করছেন।

রানা প্লাজার নিরাপত্তা প্রহরী হাবিবুর রহমানের দুই ছেলে সোলায়মান আর সেন্টু ভবনটির পাঁচ তলায় একটি পোশাক কারখানায় আয়রনম্যানের কাজ করতেন। ছয় মাস পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে হাবিবুর জানতে পারেন বড় ছেলে সোলায়মানের অবস্থা। তাঁর শেষ ঠিকানা হয়েছে জুরাইন কবরস্থান। কিন্তু কোনো খোঁজ পাননি মেজো ছেলের।

কান্নাজড়িত কণ্ঠে হাবিবুর বলেন, ‘কেউই ছেলেডার খোঁজ দিতে পারেনি। জানি না বাঁইচা আছে না মইরা গেছে। লাশডা ফেরত পাইলে মনেরে সান্ত্বনা দিতাম।’

প্রিয়জনের সন্ধানে থাকা এ রকম পরিবারের সংখ্যা কত—এর সঠিক কোনো পরিসংখ্যান নেই। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বলেন, তাঁদের কাছে নিখোঁজের কোনো তালিকা নেই।  সরকার কিংবা পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ কোনো তালিকা করতে পারেনি। হাইকোর্টে শ্রম মন্ত্রণালয়ের দেওয়া তালিকায় নিখোঁজের সংখ্যা বলা হয়েছে ৩৭৯ জন। উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া সেনাবাহিনীর নিখোঁজ তালিকায় বলা হয়েছে ২৬১ জন।

এ তালিকা থেকে ডিএনএ পরীক্ষায় পরিচয় পাওয়ারা বাদ যাবেন। শ্রম মন্ত্রণালয়ের তালিকা ধরে এখনো নিখোঁজ ১৮০ জন শ্রমিক।

কিন্তু বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি নামের একটি সংগঠন দাবি করেছে, এখনো ১৪৬ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। সংগঠনটির সমন্বয়ক তাসলিমা আখতার জানান, এ বিষয়ে গত ২৯ মার্চ রাজধানীর নির্মল সেন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তাঁরা বিস্তারিত তুলে ধরেছেন। তিনি বলেন, দুই দফা ডিএনএ পরীক্ষার পরও সবার খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন তালিকা যাচাই এবং নিজেরা খোঁজ নিয়ে ১৪৬ জনের নামের তালিকা করেছে তাদের সংগঠন। নিখোঁজ এই শ্রমিকদের নিহত ঘোষণা করে তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরির জন্য ১৯ এপ্রিল বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। দ্রুত এ তালিকা করে নিখোঁজ শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

নিখোঁজ ব্যক্তিদের পরিবার জানতে চায় হারিয়ে যাওয়া স্বজনের পরিণতি। কারও কারও এখনো ক্ষীণ আশা, হয়তো বেঁচে আছে তাঁদের প্রিয়জন। তাঁদের একজন রিকশাচালক মোতালেব। হয়তো কোনো একদিন মেয়ে আসমা ফিরে এসে বলবে, ‘আব্বা, কেমন আছ’—এখনো এই আশা নিয়ে রানা প্লাজা এলাকায় ঘুরে বেড়ান মোতালেব।