এখনো দেশে আসেনি এমভি হোপের দুই নাবিকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা বেগমের ৩৩ বছরের সংসার। বিয়ের পর থেকেই দেখছেন নাবিক স্বামী বছরের অর্ধেক সময়ই থাকেন বাইরে। তাই স্বামীর জন্য চার বা ছয় মাসের অপেক্ষা তাঁর কাছে কোনো ঘটনাই নয়।
চাকরি সূত্রে গত বছরের অক্টোবর থেকে স্বামী আলী হোসেন ছিলেন পরিবার থেকে বিচ্ছিন্ন। এ বছরের জুলাইয়ে পরিবারের কাছে তাঁর ফেরার কথা। কিন্তু জীবিত মানুষ তো দূরের কথা, লাশ হিসেবেও তিনি এখনো ফিরতে পারেননি স্বজনদের কাছে।
গত ৪ জুলাই থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে দুর্ঘটনাকবলিত বাংলাদেশি জাহাজ ‘এমভি হোপের’ একজন নাবিক ছিলেন আলী হোসেন। ২০ জুলাই মালয়েশিয়ার লংকাউই উপকূলে জেলেরা দুজনের লাশ উদ্ধার করেন। লাশ দুটির একটি আলী হোসেনের ও আরেকটি জাহাজের দ্বিতীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিনের। লাশ দুটি মালয়েশিয়ার আলোর সেতার এলাকায় অবস্থিত সুলতানা বাহিয়া হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
আলী হোসেনের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে এবং নেজাম উদ্দিনের বাড়ি আনোয়ারায়। নিখোঁজ হওয়ার দুই মাস পর গত সেপ্টেম্বরের শুরুতে লাশ পাওয়ার খবর জানতে পারে জাহাজের মালিকপক্ষ। খবর পেয়ে জাহাজ মালিকপক্ষের প্রতিষ্ঠান জেএস শিপিং লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী লাশ দুটির সঙ্গে থাকা কাগজপত্র শনাক্ত করে নিশ্চিত হন।
কিন্তু লাশগুলো বিকৃত হয়ে যাওয়ায় অধিকতর নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এরপর তিন মাস পেরিয়ে গেলেও লাশ বুঝে পায়নি পরিবার। দ্রুত লাশ হস্তান্তরের জন্য ধরনা দিয়ে যাচ্ছে নিহত ব্যক্তিদের পরিবার। কিন্তু শেষ হচ্ছে না তাদের অপেক্ষার প্রহর। এ জন্য জাহাজ কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছে তারা।
আলী হোসেনের ছেলে মো. জাকারিয়া প্রথম আলোকে বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর জাহাজমালিকের মুখপাত্র মহিউদ্দিন আবদুল কাদিরের কাছ থেকে বাবার লাশ উদ্ধারের বিষয়টি প্রথম জানতে পারি। লাশ বিকৃত হয়ে যাওয়ায় ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় আমার কাছ থেকে। কিন্তু এরপরে বারবার যোগাযোগ করেও আর কোনো অগ্রগতি জানতে পারিনি।’
সূত্র জানায়, মালিকপক্ষের কাছ থেকে সদুত্তর না পেয়ে গত ১৮ নভেম্বর সমুদ্র পরিবহন অধিদপ্তর, নৌ ও বাণিজ্য অধিদপ্তর, নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ অধিদপ্তরে এবং সর্বশেষ ৯ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পরিবার দুটি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ নভেম্বর সমুদ্র পরিবহন অধিদপ্তর অগ্রগতি জানতে চেয়ে মালিকপক্ষকে চিঠি দেয়। নেজাম উদ্দিনের বড় ভাই মো. ইদ্রিস বলেন, ‘দ্রুত লাশ হস্তান্তরের জন্য দিনের পর দিন মালিকপক্ষের পেছনে ঘুরছি। লাশ তো পাইনি। এখন পর্যন্ত আমার ভাইয়ের মালামাল ও ক্ষতিপূরণের টাকাও পাইনি।’
তবে উদাসীনতার অভিযোগ নাকচ করে দিয়েছে জাহাজের মালিকপক্ষ। জেএস শিপিং লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘পূর্ণ আন্তরিকতার সঙ্গে আমরা বিষয়টি দেখছি। ডিএনএ পরীক্ষার ফলাফল এখনো জানায়নি মালয়েশিয়া কর্তৃপক্ষ। সে কারণে লাশ আনার প্রক্রিয়া শুরু করতে পারছি না। আর বিদেশি বিমার টাকা আনার জন্য আনুষ্ঠানিক নিয়ম রয়েছে। সে কারণে কিছুটা দেরি হচ্ছে। আগামী মাসের মাঝামাঝির মধ্যেই ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবে পরিবারগুলো।’
প্রসঙ্গত, ওই দুর্ঘটনায় জাহাজের ১৭ নাবিকের মধ্যে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়। চারজনের লাশ পাওয়া গেছে। জাহাজের ক্যাপ্টেনসহ চারজন এখনো নিখোঁজ।