রাজধানীর পশ্চিম রামপুরায় বাড়িতে ঢুকে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সুপার ফজলুল করিম খান খুনের ঘটনায় আট দিন পেরিয়ে গেছে। এখনো এই হত্যা মামলার কোনো আসামি ধরা পড়েনি।
মামলার তদন্ত কর্মকর্তারা অবশ্য আশা করছেন, খুব শিগগির ফজলুল করিম খান হত্যার রহস্যজট খুলবে।
একই আশা করছেন মামলার বাদী ফজলুল করিমের জামাতা ব্যারিস্টার মকিমউদ্দিন খান জাহান আলী। ফজলুল করিম হত্যাকাণ্ডের ৩৬ ঘণ্টা পর গত ৩০ আগস্ট শুক্রবার রাতে রামপুরা থানায় মামলা করেন তিনি। এতে অজ্ঞাত তিন অস্ত্রধারীকে আসামি করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তদন্ত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মকিমউদ্দিন খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আসামির কেউ ধরা পড়েনি। যেভাবে তদন্ত চলছে, এতে হাল ছাড়িনি। আমরা আশাবাদী। তবে এখনো বুঝে উঠতে পারছি না, কেন এই হত্যাকাণ্ড ঘটেছে।’
ফজলুল করিমের জামাতা জানান, প্রতিদিনই ঘটনাস্থলে গোয়েন্দা কর্মকর্তারা এসে খোঁজখবর নিচ্ছেন ও জিজ্ঞাসাবাদ করছেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফজলুল করিমের গাড়িচালকসহ তাঁর নিকটাত্মীয়, বন্ধুবান্ধব ও বাসার আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা মো. ইকবাল হোসাইন জানান, তদন্তকাজ চলছে। খুব শিগগির এর সুরাহা হবে।
মতিঝিল অঞ্চলের উপকমিশনার (ডিসি) আশরাফুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘তদন্তে কিছু ক্লু পাওয়া পাওয়া গেছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।’
গত ২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে পশ্চিম রামপুরার বাড়িতে ঢুকে স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ফজলুল করিম সর্বশেষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন। ছয় বছর আগে অবসরে যান। তিনি পশ্চিম রামপুরার ৭৫/২ ওয়াপদা রোডের পাঁচতলা বাড়ির মালিক। বাড়ির তৃতীয় তলায় সপরিবারে থাকতেন তিনি।