এখনো ধুঁকছে আহতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে পাশাপাশি বিছানায় এখনো চিকিত্সা নিচ্ছেন রানা প্লাজার শ্রমিক শিল্পী রানী দাস (বাঁয়ে) ও সাথী আক্তার। শিল্পীর বাঁ হাত কাটতে হয়েছে। ডান পা ওপরের দিকে শুকিয়ে গেলেও পায়ের পাতার ক্ষত শুকায়নি। সাথীর ডান পা এখনো অবশ। কেটে ফেলতে হয়েছে ডান কানের অর্ধেকটা । প্রথম আলো
রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে পাশাপাশি বিছানায় এখনো চিকিত্সা নিচ্ছেন রানা প্লাজার শ্রমিক শিল্পী রানী দাস (বাঁয়ে) ও সাথী আক্তার। শিল্পীর বাঁ হাত কাটতে হয়েছে। ডান পা ওপরের দিকে শুকিয়ে গেলেও পায়ের পাতার ক্ষত শুকায়নি। সাথীর ডান পা এখনো অবশ। কেটে ফেলতে হয়েছে ডান কানের অর্ধেকটা । প্রথম আলো

রানা প্লাজা ধসের আট মাস পার হতে চললেও মো. হূদয়ের পিঠের ব্যথা কমেনি। ২৭ বছরের এ শ্রমিক এখনো সোজা হয়ে হাঁটতেও পারেন না। মানিকগঞ্জের সিঙ্গাইরে গ্রামের বাড়িতে রয়েছেন তিনি। সপ্তাহে দুবার ফিজিওথেরাপির জন্য ১০০ টাকা আর প্রতিদিন আড়াই শ টাকার ওষুধ খেতে হয় তাঁকে। সাভারের সিআরপিতে ভর্তি অবস্থায় কিছু টাকা সাহায্য পেয়েছিলেন। এখন আত্মীয়স্বজন চালাচ্ছেন। ‘ভিক্ষা করা ছাড়া আমার কোনো উপায় নাই। রানা প্লাজা আমারে ফকির বানাইল’—বলে কাঁদতে শুরু করেন রানা প্লাজার আটতলায় নিউ ওয়েভ স্টাইলের এই শ্রমিক।
রানা প্লাজায় আহত হওয়া শ্রমিকদের গল্পগুলো কমবেশি এ রকমই। সরকারি হিসাবে ভবনধসের পর ঘটনাস্থল থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত অবস্থায় এবং এক হাজার ১১৫ জনের লাশ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ জন পরে হাসপাতালে মারা যান। সব মিলিয়ে লাশ হয়েছেন এক হাজার ১৩৪ জন শ্রমিক ও দুজন উদ্ধারকর্মী। শনাক্ত হওয়া ৮৪৪ জন নিহতের পরিবারকে এক থেকে দুই লাখ টাকা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। হাত-পা কাটা পড়া ২৬ জনের মতো শ্রমিককে ১০ থেকে ২০ লাখ টাকা করে দিয়েছে সরকার। কিছু বেসরকারি প্রতিষ্ঠান অল্প কিছু আহতের চিকিৎসাসহায়তা দিলেও বাকিরা কোনো সাহায্যই পাচ্ছেন না। গত ৩০ সেপ্টেম্বর সরকারের উচ্চপর্যায়ের একটি কমিটি ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করলেও টাকা কে দেবে, তার সুরাহা করেনি। ফলে ক্ষতিপূরণ পাওয়াটা অনিশ্চিত। আর ওই কমিটির হিসাবে আহত মাত্র ২২১ জন। অথচ, রানা প্লাজা থেকে বেঁচে ফেরা প্রায় আড়াই হাজার শ্রমিকের বেশির ভাগেরই দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।
গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আমিরুল ইসলাম বলেন, ‘আমরা সব আহত ব্যক্তির জন্য উন্নত চিকিৎসা, জরুরি সহায়তা ও ন্যূনতম পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছি।’ ৩৫ বছরের রুনা রানী আর তাঁর ১৬ বছরের মেয়ে সমাপ্তি রানী একই সঙ্গে রানা প্লাজার আটতলায় কাজ করতেন। মা রুনা বের হতে পারলেও সমাপ্তির কোনো খোঁজ নেই। এখন সাভারের সিআরপিতে ফিজিওথেরাপি নিতে হচ্ছে তাঁকে। কিন্তু থেরাপি দিতে যাওয়ার টাকাও ঠিকমতো জোগাড় হয় না।
রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে পাশাপাশি বিছানায় এখনো চিকিৎসা নিচ্ছেন রানা প্লাজার শ্রমিক ১৭ বছরের শিল্পী রানী দাস ও ১৬ বছরের সাথী আক্তার। এর মধ্যে শিল্পীর বাঁ হাত কাটতে হয়েছে। ডান পা ওপরের দিকে শুকিয়ে গেলেও, পায়ের পাতার ক্ষত এখনো শুকায়নি। অঙ্গহানি হওয়ায় শিল্পী সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা পেলেও কিছুই পাননি সাথী। সাথীর ডান পা অবশ হয়ে রয়েছে। তাঁর মাথার আঘাত এখনো পুরোপুরি সেরে ওঠেনি। ডান কানের অর্ধেকটা কেটে ফেলেছেন চিকিৎসকেরা।
মেরুদণ্ডের আঘাতজনিত কারণে দুই পা অবশ হয়ে গেছে ২৮ বছরের সায়মা আক্তারের। শরীরের নিচের অংশে কোনো সাড়া নেই। এমনকি প্রাকৃতিক কর্মের ওপরও তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। চিকিৎসকেরা বলছেন, আর কখনো হাঁটতেও পারবেন না এ শ্রমিক।
সাভারের সিআরপিতে ৩০ জন মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে সারা জীবন কাটাতে হবে হুইলচেয়ারে। হাসপাতালের রেজিস্ট্রার মেহেদি হোসেইন বলেন, সিআরপিতে ১৭ জন মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগীর অস্ত্রোপচার হয়েছে। তিনজন রোগী মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর সিআরপিতে এসেছেন। আর ১০ জন রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। এসব রোগীর দীর্ঘমেয়াদি চিকিৎসা ও প্রশিক্ষণ প্রয়োজন।