এখনো ধ্বংসের চিহ্ন

সড়কের ওপর কোথাও কয়েক ফুট মাটি, কোথাও আস্ত গাছ উপড়ে পড়ে আছে। আবার কোনো স্থানে সড়কের অস্তিত্বই নেই। সেখানে সাঁকো বসিয়ে চলাচল করছে লোকজন। ১৩ জুন ভয়াবহ পাহাড়ধসের ১০ দিন পরও রাঙামাটি-খাগড়াছড়ি সড়কজুড়ে এমন ধ্বংসের চিহ্ন ছড়িয়ে আছে।
গতকাল শুক্রবার রাঙামাটি শহর থেকে ১৬ কিলোমিটার দূরে সাপছড়ি খামারপাড়া এলাকায় গিয়ে সড়কের এই অবস্থা দেখা গেছে। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ির খামারপাড়া থেকে মোনতলা কিজিং পর্যন্ত আড়াই কিলোমিটার অংশজুড়ে শুধু ধ্বংসের চিহ্ন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কেবল গতকাল শুক্রবার থেকে সড়ক সংস্কারের কাজ শুরু করেছে।
সওজ কর্মকর্তারা বলছেন, পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এই সড়কের আড়াই কিলোমিটার অংশ থেকে মাটি সরাতেই তিন থেকে চার দিন লেগে যেতে পারে। এ ছাড়া সাপছড়ি খামারপাড়া এলাকায় বিলীন হওয়া সড়কের দুটি অংশ জোড়া লাগাতে আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে। তবে ঠিক কবে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে, বলতে পারেননি তাঁরা।
রাঙামাটির সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আবু মুছা বলেন, ‘আমরা আজ (শুক্রবার) থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে খামারপাড়া এলাকা থেকে মাটি সরানোর কাজ শুরু করেছি। আশা করছি তিন থেকে চার দিনের মধ্যে সড়ক থেকে মাটি সরানোর কাজ শেষ করতে পারব। রাঙামাটি থেকে ১৬ কিলোমিটার অংশে তিনটি খননযন্ত্রের মাধ্যমে কাজ চলছে। এত দিন রাঙামাটি-চট্টগ্রাম সড়ক যান চলাচলের উপযোগী করতে ব্যস্ত ছিলাম। তাই এই সড়কের কাজ ধরতে পারিনি।’
৬৮ কিলোমিটার দীর্ঘ রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ৪১ কিলোমিটার রাঙামাটি অংশে এবং ২৭ কিলোমিটার খাগড়াছড়ি অংশে পড়েছে। খাগড়াছড়ি অংশ দিয়ে কোনোরকমে যান চলাচল করছে। তবে সড়কের রাঙামাটি অংশে কমপক্ষে ২০ থেকে ২৫টি স্থানে পাহাড়ধসের মাটি পড়ে আছে। এ ছাড়া ৮ থেকে ১০টি স্থান সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে খামারপাড়া ও মোনতলা কিজিং এলাকায় সড়কের দুটি অংশ নিশ্চিহ্ন হয়ে গেছে।
রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকার মানুষকে ঝুঁকি নিয়ে হেঁটে এই সড়কে চলাচল করতে হচ্ছে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে তাদের। গতকাল সকালে অসুস্থ এক নারীকে কোলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন স্বজনেরা।
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কিছু অংশ রাঙামাটির কুতুকছড়ি ইউনিয়নের ওপর দিয়ে গেছে। এই ইউনিয়নের চেয়ারম্যান কানন চাকমা প্রথম আলোকে বলেন, ১০ দিন ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এলাকার শত শত মানুষ আর্থিক সংকটে পড়েছে। যাঁরা দিনমজুর ও সবজি বিক্রেতা, তাঁদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আরও কিছুদিন যোগাযোগ বন্ধ থাকলে না খেয়ে থাকতে হবে অনেক মানুষকে।