এখনো নিখোঁজ উদয় ও সাব্বির, সাগরে তল্লাশি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সেন্ট মার্টিনে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ছাত্রের সন্ধান মেলেনি ছয় দিনেও। ওই দুই ছাত্র হলেন ঢাকার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইশতিয়াক বিন মাহমুদ উদয় ও সাব্বির হাসান।

দুই ছাত্রের খোঁজে নৌবাহিনীর একটি জাহাজ বিএন শাপলা ও কোস্ট গার্ডের পাঁচটি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তবে আজ শনিবার পর্যন্ত কোথাও তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
সেন্ট মার্টিন কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার ও উদ্ধার অভিযানের সমন্বয়কারী লে. শহিদ আল আহসান জানান, আজ সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাগর ও দ্বীপের কোনো জায়গায় তাঁরা নিখোঁজ দুই ছাত্রের সন্ধান পাননি। তাঁরা ধারণা করছেন, দুই ছাত্রের মৃতদেহ উপকূল থেকে দূরে চলে গিয়ে থাকতে পারে। সেন্ট মার্টিনের পাশাপাশি টেকনাফ, শাহপরীর দ্বীপ, কক্সবাজার, সোনাদিয়া ও কুতুবদিয়া উপকূলেও কোস্ট গার্ডকে তল্লাশির নির্দেশনা দেওয়া হয়েছে।
১৪ এপ্রিল বেলা দুইটার দিকে সেন্ট মার্টিনে সাগরে গোসল করতে নেমে ওই বিশ্ববিদ্যালয়ের নয়জন ছাত্র স্রোতের টানে ভেসে যাচ্ছিলেন। পাঁচজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। বাকি চারজন নিখোঁজ হন। উদ্ধার করা পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে মানফেজুল ইসলাম ও সাদ্দাম হোসেন মারা যান। নিখোঁজ চারজনের মধ্যে শাহরিয়ার ইসলাম নোমান ও এস এম গোলাম রহিম বাপ্পীর লাশ গত বুধবার উদ্ধার করেন কোস্ট গার্ডের সদস্যরা।