এখনো নিখোঁজ কয়েকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজার তিন তলায় কাজ করতেন সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লার চাঁনমিয়ার দ্বিতীয় স্ত্রী শীলা বেগম (২২)। ভবন ধসের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ পরীক্ষার নমুনা দিয়েও তাঁর লাশের খোঁজ মেলেনি।

শীলা নিখোঁজ হওয়ার পর থেকে চাঁন মিয়া তাঁর প্রথম স্ত্রী নার্গিসের সঙ্গে থাকলেও শীলার একমাত্র সন্তান সৌরভের খোঁজ রাখেন না তিনি। সৌরভ থাকেন তাঁর চাচি পারভীন আক্তারের কাছে।

পারভীন বলেন, ঘটনার দিন সকালে শীলা বাসা থেকে বের হন। ভবন ধসের পর তাঁর ঘটনাস্থলে ছুটে যান। এরপর উদ্ধার অভিযান শেষ হওয়ার দিন পর্যন্ত সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় ও ঘটনাস্থলসহ বিভিন্ন হাসপাতাল চষে বেড়িয়েছেন। এর পরও শীলার লাশের খোঁজ পাননি তাঁরা। তিনি বলেন, লাশের খোঁজ না পাওয়ার কারণে শীলার একমাত্র ছেলে সৌরভ সরকারি কোন সহায়তাও পায়নি। তবে বিকাশের মাধ্যমে ৯০ হাজার টাকা পেয়েছে। ওই টাকাও তাঁর বাবা নিয়ে গেছেন।

নিখোঁজ রয়েছেন সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার কাশেম আলীর ছেলে আফজাল হোসেন। তাঁর পরিবারও কোনো সহায়তা পায়নি।

নিখোঁজ আফজালের মা সালমা বেগম বলেন, তাঁর দুই ছেলে আফজাল ও উজ্জল রানা প্লাজার একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার দিন সকালে তাঁরা এক সঙ্গে কর্মস্থলে যান। এর কয়েকদিন পর লাশ হয়ে উজ্জল ঘরে ফিরলেও আফজালের খোঁজ এখনও মেলেনি। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়েও লাশের সন্ধান পাননি তাঁরা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রানা প্লাজার ভবন ধসে মারা যায় এক হাজার ১৩৪ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর স্বজনেরা বুঝে নেন ৮৪৩টি লাশ। পরে রানা প্লাজার পেছনে ধংসস্তূপ থেকে কুড়িয়ে পাওয়া একটি কঙ্কালের পরিচয় পাওয়া যায়।

উদ্ধার অভিযান চলাকালে পরিচয়বিহীন ২৯১টি লাশ দাফন করা হয় জুরাইন কবরস্থানে। স্বজনেরা শনাক্ত করে বুঝে নেওয়ার পর তাদের লাশ না হওয়ায় ফেরত দেন আরও ১০টি লাশ। পরে ওই ১০টি লাশও জুরাইন কবরস্থানে অশনাক্ত হিসেবে দাফন করা হয়। এর মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রথম দফায় শনাক্ত করা হয় ১৫৭টি লাশ। দ্বিতীয় দফায় শনাক্ত করা হয় ৪৪টি এবং তৃতীয় দফায় শনাক্ত করা হয় আরও সাতটি লাশের।