এখনো নিখোঁজ দুই শিশু, কারাগারে মাঝি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ নুসরাত জাহান ওরফে তিন্নি ও তাবাসসুম কাজল ওরফে কেয়ামণি। ছবি: সংগৃহীত
নিখোঁজ নুসরাত জাহান ওরফে তিন্নি ও তাবাসসুম কাজল ওরফে কেয়ামণি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগীর চরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় এখনো খোঁজ মেলেনি দুই শিশুর।
তারা হলো নিহত মালা আক্তারের মেয়ে তাবাসসুম কাজল ওরফে কেয়ামণি (৭) ও মালার চাচাতো বোন নুসরাত জাহান ওরফে তিন্নি (৭)।
নৌকাডুবির ঘটনায় পুলিশ মাঝি আশরাফুল ইসলাম ওরফে সেন্টুকে গ্রেপ্তার করেছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ঈদের দিন মঙ্গলবার বিকেলে পদ্মা নদীতে নৌকা নিয়ে অনেকে ঘুরতে বের হয়। বেলা তিনটার দিকে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় ওঠেন  ১৮ জন। নদীর মাঝখানে যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। ঘাটে থাকা অন্য নৌকার মাঝিরা চেষ্টা করে ডুবে যাওয়া নৌকার মাঝিসহ সাতজনকে উদ্ধার করে। দুর্ঘটনার ২৭ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত পদ্মা ও গড়াই নদীর বিভিন্ন জায়গা থেকে ১০টি লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন এসব লাশ উদ্ধার করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, গত বুধবার বিকেলে বৈরাগীর চর এলাকা থেকে নৌকার মাঝি আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অবহেলার কারণে মৃত্যু ঘটানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এখনো দুই শিশুর লাশের সন্ধান পাওয়া যায়নি। আরিচা ঘাট পর্যন্ত সব থানা ও ঘাট এলাকায় নিখোঁজ শিশুদের ছবিসহ পোশাকের বর্ণনা দিয়ে বার্তা পাঠানো হয়েছে।