
চারদিকে ঘুটঘুটে অন্ধকার। উত্তাল সাগর পাড়ি দিয়ে ঘাটের অদূরে ভেড়ে সি-ট্রাক। সি-ট্রাক থেকে তীরে যাওয়ার জন্য নৌকায় উঠি। ছোট্ট নৌকায় ঠাসাঠাসি করে দাঁড়িয়ে ছিল অন্তত ৬০ জন। নৌকাটি কয়েক গজ এগোনোর পরই সি-ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। মুহূর্তের মধ্যে লোকজন নৌকা থেকে ছিটকে সাগরে পড়ে যায়—এভাবেই নৌকা উল্টে যাওয়ার ঘটনার বর্ণনা দিচ্ছিলেন চট্টগ্রামের সন্দ্বীপের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা।
গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটের কাছে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে উল্টে যাওয়া নৌকাটিতে ছিলেন এই শিক্ষক। সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সি-ট্রাকে করে ৩১ জন শিক্ষক সন্দ্বীপে ফিরছিলেন। তাঁরা একটি প্রশিক্ষণে চট্টগ্রাম শহরে এসেছিলেন।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুই শিশুসহ এখনো নিখোঁজ রয়েছে ১৮ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩০ জনকে। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযান গতকাল সন্ধ্যা ছয়টায় স্থগিত করা হয়।
নৌকা উল্টে যাওয়ার পর সাগরে ঢেউ আর স্রোতের সঙ্গে এক ঘণ্টা যুদ্ধ করেছেন নুরুল হুদা। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখন কিছুটা সুস্থ তিনি। গতকাল প্রথম আলোকে এই শিক্ষক বলেন, নৌকা উল্টে যাওয়ার পর বড় ঢেউ এসে তাঁকে ৩০-৪০ হাত দূরে নিয়ে যায়। একসময় স্রোতের অনুকূলে তীরের দিকে সাঁতার কাটতে শুরু করেন তিনি। ঘণ্টাখানেক পর তীরের দেখা পান। পরে লোকজন দেখে উদ্ধার করে।
বেঁচে যাওয়া আরেক শিক্ষক মোয়াহেদুল মাওলা প্রথম আলোকে বলেন, একটি স্পিডবোট এসে উদ্ধার করে তিনিসহ আরও কয়েকজনকে। দুর্ঘটনার পর সি-ট্রাক থেকে কোনো বয়া বা ভাসমান কিছু ফেলা হয়নি। উল্টে যাওয়া নৌকার ভেতর অনেকে আটকা পড়লেও তাৎক্ষণিক উদ্ধার করা হয়নি। সেটি করা হলে আরও অনেক যাত্রীকে জীবিত উদ্ধার করা যেত। ধারণক্ষমতার (২৫ থেকে ৩০ জন) চেয়ে নৌকার মাঝি জোর করে দ্বিগুণসংখ্যক যাত্রী তোলায় এ ঘটনা ঘটেছে বলেও তিনি জানান।
দুর্ঘটনার পর রোববার রাতেই নৌকাটি টেনে তীরে আনা হয়। এ সময় নৌকার ভেতর থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়।
পাঁচজনের মরদেহ উদ্ধার
দুর্ঘটনার পর রোববার রাতে ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে বড়দা জলদাশ, সালাউদ্দিন, সচীন্দ্র জলদাশ ও আবদুল হকের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের আনুমানিক ৭৫ কিলোমিটার দূরে হাতিয়ার ভাটারচর থেকে গতকাল বিকেলে হাফেজ আমিন রসুল নামের আরেকজনকে উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে আবদুল হকের বাড়ি নোয়াখালীতে। তিনি মেয়েকে দেখতে সন্দ্বীপ যাচ্ছিলেন। অন্যদের বাড়ি সন্দ্বীপে।
নিখোঁজ ১৮ জন
উপজেলা প্রশাসনের তালিকা অনুযায়ী, নৌকাডুবির ঘটনায় ১৮ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁরা হলেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তানজীম মো. জোবায়েদ, প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক মো. ওসমান, ইউসুফ আলম ও আনোয়ার হোসেন, টেকনাফের মো. শামসু, নিজাম মোস্তফা, কামরুজ্জামান, তাহসিন (৯), নিহা (৪), হাফিজ উল্যাহ, মাঈন উদ্দিন, মো. ইউছুপ, মাসুদ মো. আজিজ, মো. হাসান, সামান্তা, রাবিয়া আক্তার, নিজাম উদ্দীন ও কিশোরগঞ্জের হারুন উর রশীদ।
উত্তাল সাগরে উদ্ধার অভিযান ব্যাহত
দুর্ঘটনার পরপর প্রথমে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার সময় ঘাটে থাকা একটিমাত্র স্পিডবোট দিয়ে উদ্ধার অভিযান শুরু হয়। দুর্ঘটনার পরপরই সন্দ্বীপের উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া ও সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু উদ্ধার অভিযানে অংশ নেওয়ার মতো প্রয়োজনীয় সরঞ্জাম তাঁদের কাছে ছিল না। কোস্টগার্ডের সদস্যরাও সরঞ্জামের অভাবে সেভাবে উদ্ধার তৎপরতা চালাতে পারেননি। গতকাল সোমবার দুপুরে হেলিকপ্টারে ঢাকা থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান।
নৌবাহিনী সূত্র জানায়, দুর্ঘটনার পর রোববার রাতে সাগরে টহলে থাকা নৌবাহিনীর দুটি জাহাজ ‘অপরাজেয়’ এবং ‘শাহজালাল’ সাগরে তল্লাশি চালায়। এ ছাড়া সোমবার সকালে দুটি শক্তিশালী বোটও উদ্ধার অভিযানে অংশ নেয়।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের অধিনায়ক ক্যাপ্টেন শহীদুল ইসলাম গতকাল সকালে প্রথম আলোকে বলেন, সাগর প্রচণ্ড উত্তাল। এ কারণে চট্টগ্রামের কর্ণফুলী থেকে কোস্টগার্ডের স্পিডবোট ঘটনাস্থলে যেতে পারেনি। তবে স্থানীয় পাঁচ-ছয়টি কাঠের নৌকা দিয়ে কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়েছে। নৌবাহিনীর দুটি জাহাজ ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার গতকাল সাগরে তল্লাশি চালায় বলে তিনি জানান।