এখনো নিখোঁজ ৪ তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাটের কাছে গত রোববার মেঘনা নদীতে যাত্রীবাহী সি-ট্রাকের কিছু অংশ ডুবে যাওয়ার ঘটনায় চার যাত্রী এখনো নিখোঁজ। এদিকে ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক পরিতোষ হাজরাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) মো. সিরাজুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, কমিটি গঠন করা হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কমিটিকে তদন্ত শেষ করার কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আবহাওয়া স্বাভাবিক হলে তারা তদন্ত শুরু করবে।হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে চারজন যাত্রী নিখোঁজ হওয়ার বিষয়ে স্বজনেরা তথ্য দিয়েছেন। তাঁরা হলেন তমরুদ্দী ইউনিয়নের বেজুগালিয়া গ্রামের মোশারফ হোসেন (৩০), বুড়িরচরের মধ্যম রেহানিয়ার আলাউদ্দিনের ছেলে মো. রাকিব (৩), গুলাখালী গ্রামের আজিজুল হকের দুই ছেলে মো. সুমন ও রবিউল হোসেন।ইউএনও জানান, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে গতকাল দিনভর কোস্টগার্ডের সদস্যরা মেঘনার বিভিন্ন এলাকায় তল্লাশি চালান; কিন্তু কারও সন্ধান পাওয়া যায়নি। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দেওয়া হয়েছে।তবে স্থানীয় একাধিক সূত্রে অভিযোগ পাওয়া গেছে, সি-ট্রাকটি কাত হয়ে কিছু অংশ ডুবে যাওয়ার পর তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ, কোস্টগার্ড উদ্ধার অভিযান পরিচালনা করেছে। কিন্তু গতকাল নতুন করে কোনো অভিযান চালানো হয়নি।