এখনো নিবন্ধন হয়নি ৪২ হাজার হজযাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার। ১ মার্চ সরকারি ব্যবস্থাপনায় মূল নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। ৬ মার্চ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন শুরু হয়।

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীকে পাসপোর্ট এবং বিমান ভাড়ার ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হয়। ধর্ম মন্ত্রণালয়ের ৫ মার্চের বিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি হজযাত্রীদের নিবন্ধনের শেষ তারিখ ছিল ১৮ মার্চ। কিন্তু সেদিন পর্যন্ত নিবন্ধন করেন ৪৩ হাজার হজযাত্রী। বাকি ৮৪ হাজারের নিবন্ধন শেষ না হওয়ায় বিপাকে পড়ে ধর্ম মন্ত্রণালয়।

নির্ধারিত সময়ে বেসরকারি ব্যবস্থাপনার অধিকাংশ হজযাত্রী নিবন্ধন করতে না পারায় উদ্বেগ প্রকাশ করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বেসরকারি হজযাত্রীদের নিবন্ধনের সময় চার দিন বাড়িয়ে ২২ মার্চ করা হয়। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, ২২ মার্চ পর্যন্ত ৬৪ হাজার হজযাত্রী নিবন্ধন করেন। বাকি থাকেন ৬৩ হাজার হজযাত্রী। তাঁদের মধ্যে অধিকাংশ পাননি পাসপোর্ট। ফলে অনেকটা বাধ্য হয়েই আবার হজযাত্রীদের নিবন্ধনের সময় নয় দিন বাড়িয়েছে মন্ত্রণালয়।

হাবের মহাসচিব শাহাদাত হোসাইন বলেন, পাসপোর্টসংক্রান্ত জটিলতা থাকায় নির্ধারিত সময়ে সবাই নিবন্ধন করতে পারেননি। ১ এপ্রিলের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা নিবন্ধন শেষ করতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজ উদ্দিন বলেন, বেসরকারি ব্যবস্থাপনার প্রায় ৮০ হাজার হজযাত্রীর নিবন্ধন শেষ হয়েছে। চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রাক্নিবন্ধনের ৩ লাখ ৫২ হাজার ২৯২ ক্রমিক পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ১ এপ্রিলের মধ্যে নিবন্ধিত না হলে এই ক্রমিকের কেউ আর সুযোগ পাবেন না।