এখনো নির্ঘুম রাত কাটে তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট দুটি আধা পাকা ঘর। ঘর দুটির মাঝখানে দুটি টয়লেট। সামনে দুটি ছোট্ট রান্নাঘর। ঘর দুটিতে আছে বৈদ্যুতিক সংযোগ। যশোরের মনিরামপুর উপজেলার হাজরাইল গ্রামের ঋষিপল্লির ধর্ষণের শিকার দুই নারীর জন্য এই ঘর দুটি তৈরি করে দিয়েছে সরকার।
যাঁদের জন্য এই ঘর, সেই দুই নারী ও তাঁদের পরিবারের কেউ ঘর দুটিতে থাকেন না। ভয় ও আতঙ্কে তাঁরা অন্যত্র থাকছেন। ঘটনার এক বছর পরও চরম উদ্বেগ, ভয় আর আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ঋষিপল্লির বাসিন্দাদের।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ওই দুই নারী ভোট দিতে যাননি। এর পরও ‘ভোট দেওয়ার অপরাধে’ ৭ জানুয়ারি রাতে তাঁরা গণধর্ষণের শিকার হন। সম্পর্কে তাঁরা ননদ-ভাবি।
গতকাল শুক্রবার ঋষিপল্লিতে গিয়ে কথা হয় অনেকের সঙ্গে। এ সময় অনেকে তাঁদের উদ্বেগের কথা জানান। এ ছাড়া ওই পল্লির কয়েকজন বাসিন্দা জানান, ঘটনার পর থেকে ভয়ে ওই দুই নারী অন্যত্র চলে গেছেন। একজন তাঁর স্বামীর সঙ্গে বেনাপোলে ও অন্যজন স্বামীর সঙ্গে অভয়নগরে থাকেন। মাঝেমধ্যে তাঁরা বাড়ি এলেও দিনেই ফিরে যান।
তবে ওই দুই নারীর পরিবারের সদস্যরা জানান, সরকারের তৈরি করে দেওয়া ঘর দুটি পল্লির একটু বাইরের অংশে। এ জন্য ভয়ে তাঁরা সেখানে থাকেন না। মাঝেমধ্যে দিনের বেলায় যান। আসামিদের সবাই জামিনে আছেন। তাঁরা প্রায় প্রতিদিন পল্লিতে এসে কিছু লোকের সঙ্গে আড্ডা দেন, তাস খেলেন। নানাভাবে তাঁদের হুমকি দেন।
ধর্ষণের শিকার এক নারীর শ্বশুর বলেন, ‘আমাকে মেরে ফেলবে বলে দুবার হুমকি দেওয়া হয়েছে। ভয়ে বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছি।’ তাঁর শাশুড়ি বলেন, ‘আগে বাঁশের তৈরি ডালা, কুলা, ঝাঁকা, ঢাকনা গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতাম। সপ্তাহে এক দিন বাজারে বিক্রি করতাম। ভয় ও আতঙ্কে এখন সব বন্ধ। জীবনটা রুদ্ধ হয়ে গেছে।’
অপর নারীর বাবা বলেন, ‘আসামিরা দেখা হলে নানা ধরনের হুমকি দেন। এখন লোকজনের সঙ্গে বাজারে যাই। সন্ধ্যার আগেই ফিরে আসি।’ তাঁর শাশুড়ি জানান, ঘটনার পর থেকে রাতে ভয়ে ঠিকমতো ঘুম হয় না।
এক নারী জানান, ঘটনার পর থেকে নিজেকে বড় অপরাধী মনে হয়। লজ্জা-ভয়-অপমানে বাড়ি যেতে ইচ্ছা করে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই পল্লির এক বাসিন্দা বলেন, ‘ঘটনার আগে আসামিরা পাড়ায় নিয়মিত আড্ডা দিতেন ও তাস খেলতেন। জামিনে বেরিয়ে এসে তাঁরা আগের মতো পাড়ায় আড্ডা ও তাস খেলেন। পাড়ার কিছু লোকও তাঁদের সহযোগিতা করেন। ভয় ও আতঙ্কে আছি।’
পুলিশ সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি ওই দুই নারী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় পৃথক দুটি মামলা করেন। পুলিশ ভোমরদহ গ্রামের মফিজ গাজী, একই গ্রামের সাহাবুদ্দীন হোসেন ও সিদ্দিকুর রহমান এবং ঋষিপল্লির উত্তম দাসকে গ্রেপ্তার করে। মফিজ, সাহাবুদ্দীন ও সিদ্দিকুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের স্বীকারোক্তিতে ভোমরদহ গ্রামের সাইফুল ইসলাম, একই গ্রামের সোহরাব হোসেন, রেজাউল ইসলাম, মো. আলীম, মো. ইলিয়াস ও মো. আবু তাহেরের নামও আসে। গত ২৫ এপ্রিল মামলা দুটি সিআইডিতে পাঠানো হয়।
যশোর সিআইডির পরিদর্শক মো. হুমায়ুন কবীর ও মোহাম্মদ শাহজান খান মামলা দুটি তদন্ত করে গত ৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন। মামলা দুটিতে ১০ জন করে আসামি করা হয়েছে। আসামিরা সবাই বিএনপি ও জামায়াতের সমর্থক।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবীর আহমেদ বলেন, ‘আমরা নিয়মিত ঋষিপল্লির অবস্থা মনিটরিং করি। সামগ্রিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঋষিপল্লির বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই।’