এখনো নির্ঘুম রাত মাহবুবার

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের নেতা–কর্মীসহ ২২ জন নিহত হন। আজ এ ভয়াবহ হামলার ১৭ বছর পূর্ণ হচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবা পারভীন

পাঁচ বছর হুইলচেয়ারে আর আট বছর ক্রাচে ভর করার দুঃসহ জীবন শেষ হয়েছে মাহবুবা পারভীনের। দীর্ঘদিন চিকিৎসার পর এখন কিছুদূর একা একা হাঁটতে পারেন তিনি, বেশিক্ষণ হাঁটলে ক্লান্ত হয়ে পড়েন, ভারসাম্য রাখতে পারেন না। তবে শরীরের ভেতরে ১ হাজার ৭৯৭টি স্প্লিন্টারের জ্বালাপোড়ায় সারারাত ঘুমাতে পারেন না এই মৃত্যুঞ্জয়ী।

তিনি তৎকালীন ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহবুবা পারভীন। ২১ আগস্ট গ্রেনেড হামলার পর বুকে ভ্যানিটি ব্যাগ নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত মৃত্যুকে জয় করে পার করেছেন ১৭ বছর, নতুন উদ্যমে সামনে এগোনোর চেষ্টা করছেন।

মাহবুবার সঙ্গে কথা হয় গত সোমবার সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে তাঁর নিজ বাসায়। আগের চেয়ে ভালো আছেন জানিয়ে তিনি বলেন, শারীরিকভাবে কিছুটা ভালো থাকলেও মানসিকভাবে বিষণ্ন। কারণ কী জানতে চাইলে মাহবুবা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে দলের জন্য তিনি মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছেন, সেই দলের স্থানীয় পৌর আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে তাঁকে ডাকা হয় না, নিজ উদ্যোগে কোনো অনুষ্ঠানে গেলেও তাঁকে মঞ্চে ওঠানো হয় না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বুকে নিয়েছেন জেনেও স্থানীয় নেতারা তাঁকে তাঁর প্রাপ্য সম্মানটুকু দিতে চান না।’

মাহবুবাকে প্রধানমন্ত্রীর বুকে জড়িয়ে ধরা ছবি দেখিয়ে মাহবুবা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে খুব আদর করেন। তাঁকে রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট দিয়েছেন, চিকিৎসার জন্য প্রতি মাসে জনতা ব্যাংকে তাঁর হিসাবে ১০ হাজার টাকা দেওয়া হয়। অনুদান হিসেবে দেওয়া হয়েছে ১০ লাখ টাকা। সেই টাকা দিয়ে বাবার দেওয়া জমিতে একটি দোতলা বাড়ি নির্মাণ করেছেন। অর্থাভাবে বাড়ির ফটক ও সিঁড়ির রেলিং করতে পারেননি। সাভারের বাসায় তিনি এখন একাই থাকেন। দুই ছেলের মধ্যে এক ছেলে স্ত্রীসহ ডেনমার্ক থাকেন। আরেক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন, থাকেন ঢাকাতেই। তাঁর স্বামী অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট এম এম মাসুদ ২০১৬ সালে মারা যান।

মাহবুবা বলেন, তিনি সংরক্ষিত নারী আসনের সাংসদ হওয়ার জন্য আবেদন করেছিলেন। তিনি রাজনীতি করতে চান। তাঁর এখন একটাই চাওয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হয়ে কাজ করা। আর এ জন্য সাভার পৌর আওয়ামী লীগের মূল দলে একটি পদ চান তিনি।