সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত হিসেবে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) কয়েকজন জঙ্গি অনেক আগেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যে ১০ জনকে এ মামলায় জড়ানো হয়েছিল, তাঁরা এখনো অব্যাহতি পাননি।আদালতের নির্দেশে প্রায় তিন বছর আগে বর্ধিত তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত তা শেষ হয়নি। ফলে আগের অভিযোগপত্রে অভিযুক্তরা ভোগান্তি পোহাতে হচ্ছে। মামলার খরচ চালাতে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছেন। তাঁদের একজন জয়নাল আবেদীন ওরফে মোমিন জানান, জেলে থাকা অবস্থায় তাঁর একমাত্র সন্তান চিকিত্সার অভাবে মারা যায়। স্ত্রী অন্য জায়গায় বিয়ে করেছেন। বিএনপি-জামায়াত সরকারের সময় দেওয়া অভিযোগপত্রে প্রধান আসামি আবদুল কাইয়ুম বলেন, ‘সাড়ে তিন বছর জেলে ছিলাম। আমাকে দিয়ে এ হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেওয়ার অনেক চেষ্টা হয়েছে। রাজি না হওয়ায় দফায় দফায় রিমান্ডে নিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে। এখনো মিথ্যা অভিযোগ থেকে নিষ্কৃতি পাইনি। আরেক আসামি আয়াত আলী এ মামলার কারণে তিনি চাকরি হারান। তিনি জানান, এখন কেউ চাকরি দিতে চায় না।২০০৫ সালের ২৭ জানুয়ারি কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তত্কালীন সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ খান মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্কালীন সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান মামলাটি তদন্ত করেন। তিনি ওই বছরের ২০ মার্চ ১০ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় অভিযোগপত্র দেন। এতে আসামি করা হয় হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আবদুল কাইয়ুম, বিএনপি কর্মী আয়াত আলী, কাজল মিয়া, জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সেলিম আহমেদ, জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক সাহেদ আলী, কর্মী তাজুল ইসলাম, বিএনপির কর্মী জয়নাল আবেদীন ওরফে জালাল, জমির আলী, জয়নাল আবেদীন ওরফে মোমিন ও মহিবুর রহমানকে। অবশ্য তখন এই অভিযোগপত্রের বিরুদ্ধে মামলার বাদী আবদুল মজিদ খান আদালতে নারাজি আবেদন করেন। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলার অধিকতর তদন্ত শুরু হয়। বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, কিবরিয়া হত্যাসহ পাঁচটি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে হুজির সিলেট অঞ্চলের নেতা বদরুল আলম ওরফে মিজান ও হাফেজ সৈয়দ নাইম আহমেদ ওরফে আরিফ এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁদের স্বীকারোক্তি মতে হুজির নেতা মুফতি হান্নান, মহিবউল্লাহ ওরফে অভি, শাহেদুল আলম ওরফে বিপুল, হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ ওরফে নিমু, বদরুল আলম ওরফে মিজান ও আবু জান্দালকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।তদন্ত কর্মকর্তা জানান, মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার বিষয়টি বর্ধিত তদন্তে স্পষ্ট হয়েছে। তবে আগের অভিযোগপত্রে যে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে, তাঁদের বিষয়টি বিবেচনা করবেন আদালত। কারণ, একবার অভিযোগপত্র আদালতে দাখিল হয়ে গেলে তদন্তকারী কর্মকর্তাদের কিছু করার থাকে না।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, শাহ মঞ্জুরুল হুদা, সিদ্দিক আলী, আবদুর রহিম ও আবুল হোসেন নিহত এবং ৭০ জন আহত হয়।