এখনো পরিবারের দিন কাটে আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকার ব্যবসায়ী বিমল মণ্ডলের ছেলে স্কুলছাত্র পরাগ মণ্ডল অপহরণের এক বছর পূর্ণ হয়েছে গতকাল সোমবার। পরাগ অপহরণের সময় বিমলের স্ত্রী লিপি মণ্ডল, মেয়ে পিনাকী মণ্ডল এবং গাড়িচালক নজরুল ইসলামকেও গুলি করে আহত করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ওই দিন রাতে (২০১২ সালের ১১ নভেম্বর) পরাগ মণ্ডলের দাদি সাবিত্রী মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চার ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা করেন।
১৩ নভেম্বর দুর্বৃত্তরা পরাগকে কেরানীগঞ্জ মডেল থানাধীন নয়াবাজার এলাকার সড়কে ফেলে পালিয়ে যান। ওই ঘটনার পর থেকে বিমল মণ্ডলের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। পরে হাইকোর্ট পরাগ মণ্ডলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন। এর পর থেকে পুলিশ বিমলের পরিবারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করছে।
গত রোববার শুভাঢ্যা পশ্চিমপাড়ায় বিমলের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির প্রধান ফটকের কাছে দুজন পুলিশ কনস্টেবল বসে আছেন। দ্বিতল ভবনের নিচতলার বারান্দায় পরাগ, বোন পিনাকী ও পিয়ালী খেলা করছে। অপরিচিত লোকজন দেখামাত্রই পরাগ দৌড় দিয়ে ঘরে ঢোকে। এ সময় তার মা লিপি মণ্ডল এসে দরজার সামনে দাঁড়ান। বলেন, বাইরে থেকে অচেনা লোকজন এলে পরাগ আতঙ্কে ঘরের ভেতরে চলে আসে।
বিমল জানান, গত ২৩ অক্টোবর পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করে। আসামিরা হলেন আমির হোসেন ওরফে ল্যাংড়া আমির, তাঁর স্ত্রী বিউটি বেগম, ভাতিজা আকাশ, দুলাভাই আবুল কাশেম, জাহিদুল ইসলাম, কালাচান, আল-আমিন, মো. আলী, রিফাত, মামুন মিয়া, শাকিল, সুলতান ও ওয়াসিম। এঁদের মধ্যে সুলতান ও ওয়াসিম পলাতক। এ ছাড়া মামুন জামিনে এসেছেন। তাই কিছুটা আতঙ্ক আছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামালউদ্দিন বলেন, ‘পরাগের পরিবারের নিরাপত্তার জন্য তাদের বাড়িতে পুলিশ পাহারা রয়েছে। পরাগের পরিবার কোনো সমস্যা বা নিরাপত্তাহীন মনে করলে তারা আমাকে জানাত। এ ব্যাপারে তারা আমাকে জানালে অবশ্যই ব্যবস্থা নেব।’