টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আট আসামি জামিনে রয়েছেন। গত মাসের শেষের দিকে তাঁরা জামিন পান বলে পুলিশ ও মামলার বাদী সূত্রে জানা গেছে। আলোচিত এ মামলার এজাহারভুক্ত আরও পাঁচ আসামি এখনো গ্রেপ্তার হননি।
পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত ৬ অক্টোবর রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামে ওই গ্রামের মালয়েশিয়া-প্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) এবং তাঁর তিন মেয়ে উপজেলার গোড়াই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), বাকপ্রতিবন্ধী মীম আক্তার (১০) ও ব্র্যাক স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী মলি আক্তারকে (৭) ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। পরদিন ওই গ্রামের জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে ১০ জনের নামে একটি হত্যা মামলা করেন মজিবরের শ্যালক মোফাজ্জল হোসেন। মামলার প্রধান আসামিকে ধরিয়ে দিতে গত ১১ অক্টোবর পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।
গত ২২ নভেম্বর প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে পুলিশ তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এ ছাড়া বিভিন্ন সময় মামলার এজাহারভুক্ত আসামিসহ পুলিশ আরও ১৯ জনকে গ্রেপ্তার করেন। তবে ইতিমধ্যে পেট্রোল বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া মির্জাপুরের মাছরাঙ্গা ফিলিং স্টেশনের চার কর্মচারী মীর আজাদুল ইসলাম, আবুল বাশার, ওয়াসিম মিয়া, মো. আবদুল মান্নান এবং সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীরের আত্মীয় আসিফ ও আবু কাউছার জামিন পেয়েছেন।
এ ছাড়া জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর তাঁর তথ্যের ভিত্তিতে মামলার বাদীর প্রতিবেশী ইসমাইল হোসেন ও ছামাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ওই হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরাও জামিনে রয়েছেন।
মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে জাহাঙ্গীরের বাবা বাহার উদ্দিন, আত্মীয় খোরশেদ, মোগর আলী, খবির উদ্দিন ও শাহ আলম এখনো পলাতক রয়েছেন।
মোফাজ্জল হোসেন জানান, এজাহারভুক্ত সব আসামি গ্রেপ্তারের আগেই কয়েকজন জামিন পেয়েছেন। এ কারণে ন্যায়বিচার নিয়ে তিনি শঙ্কিত। এ ছাড়া অভিযোগপত্রে আসামিদের নাম বাদ পড়া নিয়েও তিনি উদ্বিগ্ন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত জানান, অভিযোগপত্র দেওয়ার বিষয়টি পুলিশের পর্যবেক্ষণ সেলে রয়েছে। মামলার অগ্রগতি ও সেলের নির্দেশনা অনুযায়ী দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।