এখনো পাঠ্যবই পায়নি মাধ্যমিকের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠ্যবইয়ের সংকট রয়েই গেছে। বিশেষ করে ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ের সংকট বেশি। দুই মাস ধরে বিদ্যালয়গুলোতে এ অবস্থা বিরাজ করছে বলে শিক্ষকেরা জানিয়েছেন। উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৬টি। বেশির ভাগ বিদ্যালয়ে যোগাযোগ করে জানা যায়, বই সংকটের কারণে বিভিন্ন বিষয়ে পাঠদান কার্যক্রম শুরু করা যাচ্ছে না। নান্দাইল পৌর শহরের চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজির উদ্দিন আহমেদ বলেন, তাঁর বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা, সপ্তম শ্রেণীর সাধারণ গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শারীরিক শিক্ষা, অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, নবম শ্রেণীর বাংলা সহপাঠ, ইংরেজি দ্বিতীয় পত্র, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান ও কম্পিউটার শিক্ষা বিষয়ের বইয়ের অভাব রয়েছে। উদং মধুপুর বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে সাধারণ বিজ্ঞান ও শারীরিক শিক্ষা, অষ্টম শ্রেণীতে ইংরেজি প্রথম পত্র, নবম শ্রেণীতে হিসাববিজ্ঞান ও উচ্চতর গণিত বিষয়ের বইয়ের সংকট রয়েছে। কিসমত বনগ্রাম বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইসলাম ধর্ম, নবম শ্রেণীর হিসাববিজ্ঞান, সিংদই বিদ্যালয়ে নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ও অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের পাঠ্যবই কম সরবরাহ করা হয়েছে। এ ছাড়া উপজেলার বরিল্লা, বাঁশহাটি, খুরশেদ এলিনর, মুশুলি বালিকা, আনোয়ার হোসেন চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, দুই মাস ধরে বই সংকট থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। মুঠোফোনে বাঁশহাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, পাঠ্যবই সংকটের কারণে শিক্ষার্থীরা সমস্যায় পড়েছে। ইসরাত জাহান নামের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী বলে, ‘বইয়ের অভাবে আমাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। বিজ্ঞান বিষয়ের সঙ্গে আমাদের এখনো পরিচয় ঘটেনি।’ খুরশেদ এলিনর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক পীযূষ দেবনাথ জানান, বই সংকটের কারণে শিক্ষার্থীরা সমস্যায় পড়েছে। জানতে চাইলে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাদুর রহমান ভূঁইয়া দাবি করেন, বিদ্যালয়গুলোতে বেশিসংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে বইয়ের সংকট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত বইয়ের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ২৭ ফেব্রুয়ারি (আজ) এ বিষয়ে সভা আহ্বান করা হয়েছে। যেসব উপজেলায় পাঠ্যবই উদ্বৃত্ত রয়েছে, তা সমন্বয় করে সংকট মেটানো হবে।