
‘কই তুমি? তুমি না কইলা মেলার গেটে, আমিও তো গেটে। দেখি না ক্যান তোমারে...!’ মুঠোফোনে বলছিলেন এক ভদ্রলোক। তাঁর অবস্থান ছিল সোহরাওয়ার্দী উদ্যানের মেলার মূল প্রবেশপথে। পরিস্থিতি দেখে বোঝা গেল, অপর প্রান্তে যিনি আছেন তিনি অপেক্ষা করছেন বাংলা একাডেমির মূল প্রবেশপথে। গতকাল রোববার অমর একুশে গ্রন্থমেলায় এটি একটি সাধারণ চিত্র। এবারের মেলার দুটি অংশ। অভ্যাসবশত বেশির ভাগ পাঠক ভিড় করছিলেন বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে চলছে মেলার একটি অংশের আয়োজন। আবার ওইখানে কোনো পরিচিত কিংবা কাঙ্ক্ষিত প্রকাশনার স্টল না দেখে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে বলছেন, ও আচ্ছা, এখানে তাহলে মেলা হচ্ছে।
অমর একুশে গ্রন্থমেলা শুধু মেলা থাকে না, পরিণত হয় উৎসবে। নতুন নতুন বইয়ের ঝকঝকে মলাট, আর কাগুজে গন্ধ ভিন্ন অনুভূতি সৃষ্টি করে। ছাপানো অক্ষরগুলো টানতে থাকে পাঠকদের। এ মাসটির প্রথম থেকেই তাঁরা ভিড় করতে থাকেন গ্রন্থমেলায়। গতকাল গ্রন্থমেলার ছিল দ্বিতীয় দিন। কড়া পুলিশি পাহারা আর ধাতব তল্লাশিযন্ত্রের ভেতর দিয়ে তাঁরা সারিবদ্ধভাবে উপস্থিত হয়েছেন গ্রন্থমেলার দুটি অংশে—বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে।
আয়োজনের প্রস্তুতিতে এখনো ঠোকাঠুকি চলছে
উদ্বোধনের আগেই স্টলের নির্মাণকাজ শেষ করার জন্য কড়া নির্দেশ দিয়েছিল একাডেমি কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবে মেলার দ্বিতীয় দিনেও দেখা গেল হাতুড়ি-পেরেকের ঠেকাঠুকি চলছেই। বহেড়াতলায় ছোট পত্রিকা চত্বরের অনেক স্টলেরই নির্মাণকাজ শেষ হয়নি। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যান ও একাডেমি চত্বরের বেশ কিছু স্টলেই চলছিল সাজানো-গোছানোর পালা। পুরোপুরি বন্ধ ছিল চারটি প্রকাশনা সংস্থার স্টল। এখনো সাজিয়ে উঠতে পারেনি আরও বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা। গতকাল সন্ধ্যায় এসব প্রকাশনার স্টলের কাজ চলতে দেখা যায়। স্টলের চূড়ান্ত বরাদ্দ দিতে এবার কিছুটা বিলম্ব হয়েছে বলে কর্তৃপক্ষও সাজসজ্জার সময়ের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখিয়েছে। এ বিষয়ে একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের উপপরিচালক মুর্শিদুদ্দীন আহম্মদ প্রথম আলোকে বলেন, এটা ঠিক যে নীতিমালা অনুসারে তাঁরা এটি করতে পারেন না। তার পরও মেলা নতুন পরিসরে যাওয়ায় তাঁদের সমস্যা হতে পারে। তবে সোমবারের মধ্যে স্টলের কাজ শেষ করতে হবে।
মেলার সার্বিক দিক নিয়ে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গণি বলেন, ‘মেলাকে একাডেমির বাইরে নিয়ে আসার ফলে আমাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হয়েছে। আমরা চাই এর পরের বছর থেকে মেলা প্রাঙ্গণে একটি স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হোক।’ পাশাপাশি মেলায় জায়গা থাকা সত্ত্বেও খুব কাছাকাছি স্টল করা ও মেলায় দর্শনার্থী, বিক্রয়কর্মীদের জন্য কোনো টয়লেট না থাকায় কিছুটা ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এসেছে নতুন বই
মেলায় প্রথমা প্রকাশন এনেছে মুহাম্মদ হাবিবুর রহমানের বাংলাদেশের নানান ভাষা বইটি। এ বইয়ে মুহাম্মদ হাবিবুর রহমান সংক্ষেপে বাংলা, ইংরেজি, আরবি ও উর্দু ভাষার পরিচয় দিয়েছেন, পাশাপাশি তুলে ধরেছেন আদিবাসী জনজাতিগুলোর ভাষা-পরিচয়। দ্বিতীয় দিনে বেশ কিছু নতুন বই এসেছে মেলায়। গতকাল ছিল লেখক হাসান আজিজুল হকের ৭৫তম জন্মদিন। দিনটি উপলক্ষে ইত্যাদি গ্রন্থ প্রকাশ এনেছে তাঁর আত্মজীবনীর তৃতীয় পর্ব এই পুরাতন আখরগুলি। প্রকাশক আদিত্য অন্তর জানান, লেখকের জন্ম দিবসকে উপলক্ষ করে গতকাল মেলায় বইটি প্রকাশ করেছেন তাঁরা। মেলায় বেঙ্গল পাবলিকেশনস এনেছে রেজাউর রহমানের উপন্যাস সাদা বরফ কালো বৃক্ষ। এ ছাড়া মেলায় প্রকাশনা সংস্থা বিভাস থেকে এসেছে নির্মলেন্দু গুণের রাজনৈতিক কবিতা ও হুমায়ুন আজাদের নির্বাচিত কবিতা।
মেলা মঞ্চের আলোচনা
মেলা মঞ্চের নিয়মিত আলোচনা শুরু হয়েছে। গতকাল বিকেলে মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় জন্মশতবার্ষিকীর আলো-ছায়ায় জয়নুল আবেদিন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প-সমালোচক আবুল হাসনাত। আলোচনায় অংশগ্রহণ করেন আবুল মনসুর, সৈয়দ আজিজুল হক, সাজ্জাদ শরিফ ও ব্যারিস্টার সাদিয়া আরমান। সভাপতিত্ব করেন শিল্পী কাইয়ুম চৌধুরী।
এতে বক্তারা বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের শিল্পকলা আন্দোলনে ঐতিহ্য ও আধুনিকতার নিবিড় সংশ্লেষ ঘটিয়েছেন। জয়নুলের রেখা ও রঙে বাঙালির জাতিমানস প্রকাশিত। তাঁর হাত ধরে আমাদের চিত্রশিল্প আজ অজস্র বৈচিত্র্য-অভিমুখী। জন্মশতবর্ষে তাঁকে স্মরণের পাশাপাশি তাঁর সূত্র ধরে নতুন করে আমাদের চিত্রশিল্পের দার্শনিক-ঐতিহাসিক-নান্দনিক তদন্ত হওয়া জরুরি।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী দিল আফরোজ রেবা, দিলরুবা খান, চন্দনা মজুমদার, মীনা বড়ুয়া, আবুবকর সিদ্দিক, পাগলা বাবুল, মো. নূরুল ইসলাম, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা মুক্তি গোমেজ, পল্লবী সরকার মালতী ও এনামুল হক।
আজ সোমবার বিকেল চারটায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘মওলানা মোহাম্মদ আকরম খাঁ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন আবদুস সবুর খান। সভাপতিত্ব করবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।