এখনো পড়ে আছে পোড়া বাসটি

রাত সাড়ে ১০টা। মৌচাক-মগবাজার ফ্লাইওভারে দেখা গেল যানজটের লম্বা সারি। প্রায় ১০ মিনিটের এক জট পেরোতে চোখে পড়ল যানজটের মূল কারণ। নয় ঘণ্টা পরও দুপুরের দিকে আগুনে পোড়া বাসটি সরানো হয়নি ফ্লাইওভার থেকে।
আজ বুধবার দুপুর পৌনে একটার দিকে মগবাজার ফ্লাইওভারের ওপরে গাজীপুর থেকে আসা মনজিল পরিবহনের বাসে আগুন লাগে। যাত্রীবাহী বাসটির আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর থেকে ফ্লাইওভারের ইস্কাটন থেকে মগবাজার ওয়ারলেস পর্যন্ত যান চলাচলের বাধাগ্রস্ত হয়।
রাতে পোড়া বাসের সামনেই চারজনকে পাওয়া গেল। তাঁরা মনজিল এক্সপ্রেস লিমিটেডে চাকরি করেন। তাঁরা জানালেন, গাজীপুর থেকে আসা বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল না। আগুন লাগার পর চালক ও চালকের সহকারী দুজনেই পালিয়ে যান। বাসের মালিক এখন রমনা থানাতে আছেন।
এই চারজনের একজন মো. নাসিম। তিনি প্রতিষ্ঠানটির গাড়ি চালক। তিনি প্রথম আলোকে বললেন, গাড়িটি নতুন। সাত মাস আগে রাস্তায় গাড়িটি চলা শুরু করে। আগুন লাগার পর দুপুরে পুলিশ এসেছিল। গাড়িটির ইনস্যুরেন্স রয়েছে। তাই ইনস্যুরেন্স প্রতিষ্ঠান থেকে কেউ না আসা পর্যন্ত গাড়িটি সরানো হবে না।
গাড়িটি না সরানোর কারণেই মগবাজার ফ্লাইওভারের এই অংশে যানজট লেগে রয়েছে। কারণ, পোড়া বাসটি আকারে বড়। সেটি রাস্তার অর্ধেকের বেশি অংশ দখল করে আছে। এখনো পর্যন্ত গাড়িটিতে আগুন লাগার কারণ জানা যায়নি।