প্রতিবেদন জমা দেওয়ার সময় শেষ হতে চললেও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের উৎস এখনো খুঁজে বের করতে পারেনি তদন্ত কমিটি। কমিটি প্রতিবেদন দেওয়ার জন্য আরও ১৫ দিন সময় চাইতে পারে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে এই কমিটির তদন্ত চলার সময় এইচএসসি পরীক্ষায় আরও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান ওই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের উৎস বের করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখনো তদন্তকাজ শেষ করা যায়নি। আগামী সোমবার পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আছে। তবে আরও সময় লাগতে পারে।’
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সবচেয়ে বেশি সন্দেহের তালিকায় রাখা হয়েছে সরকারি মুদ্রণালয়কে (বিজি প্রেস)। তদন্ত কমিটি আজ বুধবার বিজি প্রেসে সরেজমিনে গিয়ে তদন্তকাজ করবে। তবে প্রশ্নপত্র তৈরি ও সেট ঠিক করার সময় কিংবা জেলা ট্রেজারি, উপজেলা পর্যায়ে থানা ভল্ট বা ব্যাংকের ভল্টে প্রশ্নপত্র রাখার সময় কোনো গাফিলতি হয় কি না, সেগুলোও তদন্তে দেখা হচ্ছে।
তদন্ত কমিটি মনে করছে, সরকারি গোয়েন্দা সংস্থা ছাড়া প্রশ্নপত্র ফাঁসের প্রকৃত উৎস বের করা কঠিন হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় পরীক্ষাটি স্থগিত করা হয়। ১০ এপ্রিল এই পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় একটি এবং ঢাকা শিক্ষা বোর্ড আরেকটি তদন্ত কমিটি গঠন করে। দুটি কমিটিকেই ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে কমিটি এই সময় ধরেছে কমিটির প্রথম বৈঠকের দিন থেকে। সে হিসাবে সোমবার সময় শেষ হওয়ার কথা বলা হচ্ছে।
তদন্ত কমিটির কাজ চলাকালেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে। এ জন্য পরীক্ষা চলাকালে সাজেশন আকারে, মুঠোফোনে খুদে বার্তা, হাতে লেখা ও টাইপ করা কোনো কাগজ বা তথ্য কারও কাছে পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।