এখনো ফুরায়নি কষ্টের রজনী
দুই বছর পেরিয়ে গেলেও প্রলয়ংকরী আইলার তাণ্ডবে ক্ষত-বিক্ষত সাতক্ষীরার শ্যামনগরের মানুষ মাথা তুলে দাঁড়াতে পারেনি। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গৃহনির্মাণ মঞ্জুরির টাকা ১০ মাস পরও না পেয়ে কয়েক শ পরিবার এখনো বাঁধের ওপর বা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। আজও বিরাণভূমির মতো পড়ে আছে গোটা জনপদ। পুনর্বাসনের অভাবে উপকূলের মানুষ কষ্টে দিন কাটাচ্ছে।কাজের জন্য অনেক পরিবার দেশের বিভিন্ন অঞ্চলে পাড়ি জমাচ্ছে। পরিবারের সদস্যদের খোরাক জোগাতে বহু শিক্ষার্থীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।গত বুধ ও বৃহস্পতিবার সরেজমিনে শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুরসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, পানিবন্দী দশা থেকে মুক্তি পেয়েছে লোকজন। কিন্তু সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত ও ভেঙে যাওয়া অধিকাংশ রাস্তাঘাট, সেতু-কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠান এখনো ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। দীর্ঘ সময়েও যোগাযোগব্যবস্থা ঠিক হয়নি। গাছগাছালি বলতে আধমরা কিছু তাল ও নারিকেলগাছ ছাড়া আর কোনো উদ্ভিদ নজরে আসে না। আইলার পর এসব অঞ্চলের ৪০ হাজার হেক্টরেরও বেশি জমি অনাবাদি পড়ে আছে বলে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে। ফলে উচ্চ, মধ্য ও নিম্নবিত্তের এখন অভিন্ন দশা। ভাত-কাপড়ের জন্য সবাই নেমেছে নিরন্তর সংগ্রামে। দুই বছরেও রাস্তাঘাট বলতে কিছুই গড়ে ওঠেনি গাবুরার চকবারা, খোলিশাবুনিয়া, জেলিয়াখালী, পদ্মপুকুরের ঝাঁপা, চণ্ডীপুরসহ অর্ধেকেরও বেশি গ্রামে।শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের ওহাব গাজী ও আহম্মদ সরদার এবং পদ্মপুকুর ইউনিয়নের চাকলা গ্রামের অনিমেষ মণ্ডল জানান, ২০০৯ সালের ২৫ মে এ এলাকায় আইলা আঘাত হানে। এতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে জলোচ্ছ্বাসে মারা যায় অর্ধশতাধিক মানুষ। প্রায় দেড় লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। আইলার প্রায় দেড় বছর পর পানি নেমে যাওয়ার পাশাপাশি কোনো রকমে বাঁধ সংস্কারের কাজ সম্পন্ন হয়। অধিকাংশ মানুষ বেড়িবাঁধের ওপর থেকে ফিরে আসে ভিটায়। কিন্তু অর্থাভাবে এখনো ঘর বাঁধা হয়নি তাদের।গৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী গত বছরের ২৩ জুলাই পরিবারপ্রতি ২০ হাজার টাকা অর্থ সহায়তার ঘোষণা দেন। সেই টাকা আজও পায়নি সবহারানো মানুষ। আইলার দুই বছর পরও গাবুরার সোরা, চকবারা, ডুমুরিয়া বা পদ্মপুকুরের খুঁটিকাটা, ঝুরঝুরিয়া, চণ্ডীপুরসহ আরও কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার এখনো পুনর্বাসনের অভাবে পাউবোর বাঁধের ওপর দিন কাটাচ্ছে।সোরা গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী নুরনাহার তাঁর দুই শিশুসন্তানকে দেখিয়ে বলেন, ‘রোদের তাপে বাচ্চা দুটিকে নিয়ে পলিথিনের খুপরির মধ্যে থাকতি খুব কষ্ট হয়। আগে মজুর দে খাতাম। এখন কাজনি। নদীতে পোনা ধুরে চাল কিনতে হয়। তাই ঘর বাঁধব কী কুরে?’আইলার প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। ক্ষুধার জ্বালা মিটাতে ছাত্রছাত্রীরা উপার্জনের জন্য জাল নিয়ে নেমে পড়েছে নদীতে। গাবুরা চকবারা ক্লোজার-সংলগ্ন নদীতে জাল দিয়ে মাছ ধরায় ব্যস্ত দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আসমা আক্তার (৮)। সে জানায়, বাবার একার উপার্জনে সংসার চলছে না। তাই মায়ের সঙ্গে নদীতে মাছের পোনা ধরছে সে।খোলপেটুয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন বলেন, জোয়ারের সময় অনেক ছাত্রছাত্রী মাছ ধরার জন্য ছুটি চায়। মানবিক বিবেচনায় তাদের ছেড়ে দিতে হচ্ছে।গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম ও পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান আমজাদুল আলম জানান, অভাবে ঘর বাঁধতে না পারায় অনেকেই এখনো বাঁধের ওপর বাস করছে। আইলায় পর এলাকায় মৎস্যচাষ একপ্রকার বন্ধ থাকায় মানুষ চরম কষ্টে আছে।শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাববীর আহমদ জানান, এত বড় ধ্বংসযজ্ঞের ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ ২০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু তালিকা প্রস্তুতসংক্রান্ত বিষয় নিয়ে আদালতে স্থানীয় সাংসদ মামলা করায় তা আটকে আছে। মঞ্জুরির টাকা পেলে মানুষজন ন্যূনতম ঘর বেঁধে আশ্রয় নেওয়ার সুযোগ পেত।