
আট বছরেও শেষ হয়নি ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা মামলার বিচার। এ ঘটনায় দায়ের করা ৫৯টি মামলা এখনো বিচারাধীন। ২০০৫ সালের এই দিনে সারা দেশের ৬৩ জেলায় একযোগে প্রায় পাঁচ শ’ বোমা ফাটিয়ে প্রচলিত শাসন ও বিচার-পদ্ধতি বাতিল করে ‘আল্লাহর আইন কায়েমের’ দাবি জানিয়ে প্রচারপত্র ছড়িয়ে ছিল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওই হামলায় দুজন নিহত ও ১০৪ জন আহত হন। ওই হামলার আগ পর্যন্ত জেএমবির বিষয়ে উদাসীন ছিল তৎকালীন চারদলীয় জোট সরকার। ১৭ আগস্টের হামলার পর নড়েচড়ে বসে সরকার। এরপর সরকার জেএমবিবিরোধী অভিযান শুরু করে। এতে জেএমবির বেশির ভাগ কেন্দ্রীয় নেতা ধরা পড়েন। বিচারে শীর্ষস্থানীয় ছয় নেতার ফাঁসিও হয়। ২০০৭ সালের ২৯ মার্চ কার্যকর হয় জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, অন্যতম শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আবদুল আউয়াল, খালেদ সাইফুল্ল্লাহ, আতাউর রহমান সানি ও ইফতেখার হাসান আল মামুনের ফাঁসির আদেশ। র্যাবের তথ্যানুযায়ী, ওই ঘটনায় দেশব্যাপী ১৬১টি মামলা হয়। যার মধ্যে ১০২টি মামলার বিচারকাজ শেষ হয়েছে। এসব মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড, ১১৮ জনের যাবজ্জীবন ও ৯৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। বাকি ৫৯টি মামলা এখনো বিচারাধীন। এদের মধ্যে ছয়জনের ফাঁসি কার্যকর হয়েছে। এ ঘটনার পর দেশে জেএমবির তৎপরতা কমে আসে। র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, জেএমবির নেতারা এখন বিচ্ছিন্ন। তাদের সাংগঠনিক শক্তি ভেঙে গেছে।