রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ছয়ে আগুন লেগেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। বেলা পৌনে তিনটার দিকেও কমপ্লেক্সের ভেতর থেকে প্রচণ্ড বেগে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ভেতরে কয়েকজনের আটকে থাকার খবর পাওয়া গেছে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান বেলা একটার দিকে সাংবাদিকদের বলেন, আগুন নেভাতে তাঁরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
কমপ্লেক্সের ১০ তলার ওপরে অন্তত ১০ জন লোক আটকে আছেন বলে খবর পাওয়া গেছে। সেখান থেকে আনোয়ার হোসেন নামের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এক কর্মচারী টেলিফোনে প্রথম আলোকে বলেন, তিনিসহ নয়জন আটকে আছেন। উদ্ধারের জন্য সহায়তা চান তিনি।
আগুন লাগার খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বেলা একটার দিকে তিনি সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। আগুন নেভানোর ব্যাপারে সিটি করপোরেশনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে সহায়তা করা হচ্ছে।
আগুনের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক এই তথ্য জানিয়েছেন।
আগুনের উৎস সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমদ খান বলেন, এখনই বলা যাচ্ছে না।
ঘটনাস্থলে থাকা প্রথম আলোর একাধিক প্রতিবেদক জানান, কমপ্লেক্সের ওপরের অংশে সামনে ও পেছন দিক থেকে কালো ধোঁয়ার প্রচণ্ড কুণ্ডলী বের হচ্ছে। প্রথম দিকে ধোঁয়ার কুণ্ডলী কম ছিল। পরে তা বেড়ে যায়। বেলা একটার পর ব্যাপকভাবে কালো ধোঁয়া বের হতে থাকে। ধোঁয়ায় ভবনের চারপাশ আচ্ছন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ক্রেনের সাহায্যে ওপরে উঠে বিভিন্ন তলার গ্লাস ভেঙে দেন। সেসব জায়গা থেকেও ধোঁয়া বের হতে থাকে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বাইরের দিক থেকে কমপ্লেক্সের ভেতরে পানি ছিটিয়ে দিতে থাকেন। দুপুরের দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকার আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুর দিকে ফায়ার সার্ভিসের একদল সদস্য কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেন।
শপিং কমপ্লেক্সের নিরাপত্তার কাজে নিয়োজিত একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, লেভেল ছয়ে জুতার একটি দোকান থেকে এই আগুন লাগে বলে তাঁরা জানতে পেরেছেন। ফায়ার সার্ভিসকে জানানোর পর তাদের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও কয়েকটি ইউনিট কাজে যোগ দেয়।
শুরুর দিকে ঘটনাস্থলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুনের খবর শুনে শপিং কমপ্লেক্সের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসতে থাকে। লোকজনকে বাইরে বের করে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরাও তৎপর হন।
শপিং কমপ্লেক্সের একটি দোকানের বিক্রয়কর্মী মো. হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে বাইরে বেরিয়ে আসেন তিনি।
আগুন লাগার পর শপিং কমপ্লেক্সের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শপিং কমপ্লেক্সের আশপাশে হাজারো মানুষ জড়ো হয়েছে। নিরাপত্তার কারণে তাদের সরে যেতে বলা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান সাংবাদিকদের বলেন, পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।
এর আগে ২০০৯ সালে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একবার আগুন লেগেছিল।

আরও পড়ুন: