সমাজে বিভিন্ন ক্ষেত্রে বহু নারী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু এখনো বেশির ভাগ নারী বৈষম্য ও সহিংসতার শিকার। পরিবারে ছেলে ও মেয়েকে আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখার মধ্য দিয়েই নারীর প্রতি বৈষম্যের শুরু হয়। পরে সংসার ও কর্মক্ষেত্রে নারীরা পুরুষের কাছে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন। যত দিন না নারীরা শিক্ষা-দীক্ষায় অগ্রসর এবং আর্থিকভাবে পুরোপুরি স্বাবলম্বী হতে পারবেন, তত দিন নারীরা বৈষম্য ও সহিংসতা থেকে মুক্ত হতে পারবেন না।
গতকাল শনিবার দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে বক্তারা ওই সব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার কার্যালয় আয়োজিত সংলাপে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ইমাম, পুরোহিত, ধর্মযাজক, নারী প্রতিনিধি ও রাজনীতিবিদেরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক আবুল কাসেম মজুমদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেলাল উদ্দিন। সংলাপে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ইসলাম’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ শামছুল ইসলাম, ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে হিন্দু ধর্মের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কবি-গবেষক নৃপেন্দ্রলাল দাশ, ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে খ্রিষ্টান ধর্মীয় নির্দেশনা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন রেভারেন্ড বি বি প্রেন্টিস এবং ‘নারীর প্রতি সহিংসতা রোধে বৌদ্ধধর্মের নির্দেশনা’ শীর্ষক প্রবন্ধ পড়েন ইপা বড়ুয়া।
প্রবন্ধগুলোতে নারীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও পারিবারিক গুরুত্ব এবং নারীর প্রতি সহিংসতা, শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধে বিভিন্ন ধর্মীয় অনুশাসন তুলে ধরা হয়েছে।