এখনো ভয়, টানাপোড়েন, বিএনপির প্রচার ঢিমেতালে
দল-সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারে বিএনপির সমন্বয় গড়ে ওঠেনি। আদর্শ ঢাকা আন্দোলনের সঙ্গে সমন্বয়ও প্রাথমিক পর্যায়ে। সম্পর্কের টানাপোড়েন চলছে জামায়াতে ইসলামীর সঙ্গেও। ফলে প্রার্থীদের প্রচার চলছে ঢিমেতালে।
বিএনপি ও আদর্শ ঢাকা আন্দোলনের দায়িত্বশীল নেতারা এ তথ্য জানিয়ে বলেছেন, গ্রেপ্তারের ভয়ে দলের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারে নামা নিয়ে দ্বিধায় আছেন। ১০ দিনেও প্রার্থীদের পোস্টার অনেক এলাকায় পৌঁছায়নি।
বিএনপির নেতারা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডের মধ্যে বিএনপি-সমর্থিত অর্ধেকেরও বেশি কাউন্সিলর পদপ্রার্থী এখনো লুকিয়ে আছেন। এক কাউন্সিলর প্রার্থী গত বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছেন। নেতা-কর্মীরা আত্মগোপনের কারণে উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গতকাল পর্যন্ত অনেক এলাকায়ও গণসংযোগে যেতে পারেননি। নির্বাচনী এলাকার অনেক স্থানে এখনো তাঁর পোস্টার পৌঁছায়নি।
এ ছাড়া জামিন জটিলতায় ঢাকা দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাস সরে আছেন। তাঁর পক্ষে স্ত্রী আফরোজা আব্বাস সক্রিয় থাকলেও ভোটারদের দোরগোড়ায় যাওয়া সেভাবে সম্ভব হচ্ছে না। তা ছাড়া আব্বাস-খোকার পুরোনো দ্বন্দ্বে ঢাকা দক্ষিণের ৫৭টি ওয়ার্ডের কিছু কাউন্সিলর প্রার্থী এখনো মাঠে নেই। অবশ্য দলের চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচারে নামার পর পরিস্থিতি পাল্টাচ্ছে। আত্মগোপনে থাকা নেতা-কর্মীরাও বেরিয়ে আসার চেষ্টা করছেন।
বিএনপি জোটের একটি শরিক দলের নেতা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা জোটের শরিক দল। কথা ছিল, প্রার্থী বা প্রার্থীর লোকজন আমাদের সঙ্গে দেখা করবেন, সহযোগিতা চাইবেন। হয়েছে উল্টো। বিএনপিরও খবর নেই, প্রার্থীরও খবর নেই।’
২০-দলের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, সিটি নির্বাচন উপলক্ষে গত শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জোটের সমন্বয় কমিটির সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বিষয়টি তোলেন। তিনি বলেন, অনেক এলাকায় এখনো পোস্টার লাগেনি। প্রচারেও গতি সঞ্চার হয়নি।
নির্বাচন নিয়ে বিএনপি যে কতটা সমন্বয়হীন ও অগোছালো, তার প্রমাণ মেলে জোটের শুক্রবারের সমন্বয় কমিটির সভায়। জোটের একজন নেতা জানান, ঢাকা উত্তর সিটি নির্বাচনের জন্য মওদুদ আহমদকে আহ্বায়ক করে জোটের সমন্বয় কমিটি করা হয়। তাতে দেখা যায়, কমিটিতে ১৯ জন যুগ্ম আহ্বায়কের নাম রয়েছে। এর মধ্যে ১৯ নম্বর নাম হচ্ছে ইগল প্রতীকে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়া মাহী বি চৌধুরী। এ নিয়ে সভায় প্রশ্ন ওঠে।
এদিকে আদর্শ ঢাকা আন্দোলন প্রার্থী ঘোষণা করলেও সংগঠনের সঙ্গে প্রার্থীদের নিবিড় সমন্বয় গড়ে ওঠেনি। ইশতেহার লেখা ছাড়া দুই মেয়র প্রার্থীর জন্য প্রচারে নামেনি আদর্শ ঢাকা আন্দোলন।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, খালেদা জিয়ার নির্দেশনায় আদর্শ ঢাকা আন্দোলন কাজ করছে। সিটি নির্বাচন তদারকির জন্য সাংবাদিক মাহফুজউল্লাহকে আহ্বায়ক ও কবি আবদুল হাই শিকদারকে সদস্যসচিব করে গত শনিবার ১০ সদস্যের নির্বাচন পর্যবেক্ষণ সেল গঠন করা হয়েছে।